আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা পড়েছিল ঘোর সংশয়ে। শেষ রাউন্ডের ম্যাচে পেরুর সঙ্গে ড্র করায় ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া কোনও পথ খোলা ছিল না আলবিসেলেস্তেদের। মেসি জাদুতে অবশ্য সব সংশয় গেছে উড়ে। জাতীয় দলের জার্সিতে খেলে আসার পরই আবার ক্লাবের হয়ে মাঠে নেমে পড়তে হচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। ভালভারদে কোনও রকম বিশ্রাম দিচ্ছেন না দলের সেরা খেলোয়াড়কে।
অ্যাতলেতিকো ম্যাচের আগে বলেছেন, ‘মেসি প্রাক-মৌসুম প্রস্তুতি খেলেছে। অনেক খেলোয়াড় আছে, যারা প্রাক-মৌসুম খেলে না। যদিও মেসির খেলাটা স্বাভাবিক ঘটনা। এই মুহূর্তে ও ভালো জায়গায় আছে। তাই আমাদের মতে মৌসুমের শুরুর সময়টায় ওর সাহায্যটা খুব দরকার।’ সঙ্গে যোগ করলেন, ‘বিষয়টা আমরা দেখব মৌসুমের সামনের দিকে, তবে এই মুহূর্তে ওকে খেলানোটা সবচেয়ে ভালো।’
ভালভারদে কোচ হওয়ার পর মেসি খেলেছেন বার্সেলোনার সব ম্যাচ। বিশ্রাম না পেলেও নিজের স্বাভাবিক খেলা খেলে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির পেশাদারিত্বের এই মনোভাবে ভীষণ খুশি বার্সা কোচ, ‘অবিরাম খেলে যাওয়ার মনোভাব আমাকে সবচেয়ে আকৃষ্ট করে। সবাই জানে ও যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। লিও বিশ্বের সেরা খেলোয়াড়, ও নিজেও জানে সেটা। প্রত্যাশার এই চাপটা প্রত্যেক ম্যাচে বয়ে চলেছে সে।’ গোল ডটকম