লন্ডনে বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের শেষ পর্বে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন ম্যারাডোনা। তার পছন্দের মেসি হয়েছেন দ্বিতীয়, তিন নম্বরে ছিলেন নেইমার। প্রত্যাশা পূরণ না হওয়ায় আর্জেন্টিনার গ্রেট ফুটবলার বলেছেন, ‘রোনালদোকে বেস্ট (অ্যাওয়ার্ড) দিতে হলো। এটা মেসিকে দিতে পারলাম না বলে আমার মনে কষ্ট হচ্ছে।’
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনায় মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। তাদের মধ্যে তখন সম্পর্কে কোনও ধরনের তিক্ততা লক্ষ করা যায়নি। অবশ্য জাতীয় দলে সম্প্রতি মেসির অধিনায়কত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনা। লন্ডনে ‘দ্য বেস্ট’এর দ্বিতীয় আসর শেষে তিনি জানালেন, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর সঙ্গে কোনও ঝামেলা নেই তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর প্রমাণ মিললো, ‘মেসির সঙ্গে দেখা করে চমৎকার লেগেছে। আমি তার সঙ্গে কথা বললাম। সবসময়ের মতো এখনও তার প্রতি ভালোবাসা অটল আছে।’
৩০ বছর বয়সী মেসি আরও কয়েক বছর ভক্তদের জাদুকরী পারফরম্যান্স দেখাবে বিশ্বাস ম্যারাডোনার, ‘সে আরও লম্বা সময় ধরে খেলতে পারবে।’ গোল ডটকম