বড় ব্যবধানে জিততে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ!

ক্রিস্তিয়ানো রোনালদোফিফা গালা নাইট আলোকিত করল রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা খেলোয়াড়, বর্ষসেরা কোচ, এমনকি বর্ষসেরা একাদশের পাঁচজনই হলেন মাদ্রিদের ক্লাবটির খেলোয়াড়। পুরস্কারের ডালি সাজিয়ে লন্ডন ছাড়লেও মাঠের পারফরম্যান্স নিয়ে কাটছে না দুশ্চিন্তার মেঘ। চলতি মৌসুমে লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে ‘লস ব্লাঙ্কোস’ রয়েছে তালিকার তৃতীয় স্থানে। জয় পাচ্ছে, তবে সেটা হচ্ছে না রিয়াল মাদ্রিদ সুলভ। যে দল প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে বিদায় করতো, সেই রিয়ালকে মাঠ ছাড়তে হচ্ছে এখন কোনও রকম জয় নিয়ে!

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে জয় যাকে বলে, রিয়ালকে সেভাবেই দেখা গেছে গত কয়েক মৌসুম। অথচ এবার মৌসুমের ১৫ ম্যাচ চলে গেলেও সে রকম জয় এখনও পায়নি ইউরোপ চ্যাম্পিয়নরা। ২০১৭-১৮ মৌসুমে ৩ গোলের বেশি এক ম্যাচেও লক্ষ্যভেদ করতে পারেনি জিনেদিন জিদানের দল। গত ৪৫ বছরের হিসাবে যা রিয়ালের সবচেয়ে বাজি শুরুর উদাহরণ।

জিনেদিন জিদান দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়ালের ফুটবলে গতি বেড়েছে আরও। আক্রমণাত্মক ফুটবলে গোলের সংখ্যা বাড়িয়ে নিয়েছে ম্যাচের পর ম্যাচে। সেই জিদান একই খেলোয়াড়দের নিয়ে এবার খুব ভুগছেন। এইবারের বিপক্ষে ঘরের মাঠে লা লিগায় সবশেষ ৩-০ গোলে জেতা ম্যাচটিও সহজ ছিল না তাদের জন্য। আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যাওয়ার পর ২৮ মিনিটে মার্কো আসেনসিয়োর লক্ষ্যভেদ, আর শেষ গোলটা আসে সেই ৮২ মিনিটে গিয়ে।

রিয়ালের গোলোৎসবের দৃশ্য গত কয়েক বছরে সবচেয়ে বেশি দেখা গেছে ২০১১-১২ মৌসুমে, যেবার রিয়াল ৩ গোলের বেশি লক্ষ্যভেদ করেছিল সাতবার। পরের মৌসুমে চার ম্যাচে ৩ গোলের বেশি লক্ষ্যভেদ করার পর ২০১৩-১৪ মৌসুমে পাঁচবার রিয়াল পেরিয়েছিল ৩ গোলের বাধা।

সেই রিয়ালের এবার হলোটা কী? বড় ব্যবধানে জিততে যেন ভুলেই গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা! প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দৃশ্যে তাদের দেখা যায় না অনেক দিন। কে জানে, হয়তো চেনা রূপে ফেরার মঞ্চ হিসেবে ফুয়েনলাব্রাদারের বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচকেই বেছে নিয়েছে রিয়াল! মার্কা