‘তাজিকিস্তানেই তরুণ ফুটবলারদের বড় পরীক্ষা’

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ডজাতীয় দলের প্রধান কোচ তিনি। বর্তমানে ঘরোয়া ফুটবলের ব্যস্ততার কারণে জাতীয় দলের কার্যক্রম নেই। তাই বলে ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড বসে নেই। জাতীয় দল গড়ার আগে ‘পাইপ লাইন’ তৈরির কাজে তিনি ব্যস্ত। বিশেষ করে বয়সভিত্তিক দলগুলোর ওপরে জোর দিচ্ছেন। শুরুতে অনূর্ধ্ব-২৩ দল পেয়েছিলেন। সেখানে অনেককে পরখ করতে পেরেছিলেন। তারপর সাফ অনূর্ধ্ব-১৬ ও ১৮ দলের ওপর রেখেছেন চোখ। অলিখিতভাবে উপদেষ্টা কোচ হিসেবে কাজ করেছেন দুই দলকে নিয়ে।

সাফে দুটি দলই ভাল করেছে। পারভেজ বাবুর কোচিংয়ে নেপালে অনূর্ধ্ব-১৫ বিভাগে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ভুটানে অনূর্ধ্ব-১৮ দল রানার্সআপ হয়েছে, যে দলের কোচ ছিলেন মাহবুব হোসেন রক্সি। দুই বিভাগে দুজন উদীয়মান আলো ছড়িয়েছেন। দুজনই ফরোয়ার্ড- ফয়সাল আহমেদ ফাহিম এবং জাফর ইকবাল।  দুজনই এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বের দলে সুযোগ পেয়েছেন। তাদের ওপর ভরসা করেই অনূর্ধ্ব-১৯ দল তাজিকিস্তান যাচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক তাজিকিস্তান, উজবেকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

গত মাসে কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বেও বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল। ইয়েমেনের কাছে হেরে গেলেও স্বাগতিক দলকে হারিয়ে দিয়েছিল তরুণ ফুটবলাররা।

দলের ‍উদীয়মান ফুটবলারদের নিয়ে ওর্ড উচ্ছ্বসিত, তবে তাজিকিস্তান সফর নিয়ে যথেষ্ট সাবধানী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের এখনই উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। সাফে ভালো করলেও এএফসির আসরে ছেলেরা কী করে, দেখতে হবে। এখানেই তাদের বড় পরীক্ষা।’

প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষে এখন চলছে মধ্যবর্তী দলবদল। তাজিকিস্তান থেকে অনূর্ধ্ব-১৯ দল ফেরার কয়েক দিন পরই শুরু হবে ফিরতি পর্ব। অলিখিতভাবে অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা কোচের দায়িত্বে থাকা ওর্ড জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে ব্যস্ত আছি, দলকে সাহায্য করছি। প্রিমিয়ার লিগের একাধিক ফুটবলারের খেলা আমার পছন্দ হয়েছে। জাতীয় দল গড়ার সময় তাদের কথা মাথায় রাখবো। ফিরতি পর্বে আরও ভালো ফুটবলার বেরিয়ে এলে সুবিধা হবে। লিগ শেষ হলেই জাতীয় দল নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।’