‘আর্জেন্টিনার জন্য রাশিয়া বিশ্বকাপ নিরাপদ’

lionel-messi-argentina_ws3e0qbmcwbz17jpin4xzbsv2রাশিয়া বিশ্বকাপে ত্রাস ছড়াতে দুইদিন আগে রক্তাক্ত চোখের লিওনেল মেসির পোস্টার প্রকাশ করেছিল ইসলামিক স্টেট (আইএস)। আগামী বছরের ফুটবল মহাযজ্ঞকে অস্থির করে তুলতে এর আগেও হুমকি দিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী। কিন্তু সর্বশেষ হুমকিতে মেসিকে ব্যবহার করায় শঙ্কিত আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির প্রধান ক্লাউদিও তাপিয়া ইতোমধ্যে আর্জেন্টিনায় দায়িত্বরত রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। অবশ্য দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত।

সংবাদপত্র ওলে জানায়, আগামী নভেম্বরে রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভেন্যু রাশিয়াতে। এমন হুমকির পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রুশ রাষ্ট্রদূত ভিক্তর করোনেয়ির সঙ্গে আলোচনা করেছেন তাপিয়া। বিষয়টিকে দুই পক্ষই গুরুত্ব দিচ্ছে। তাই নিরাপত্তার ব্যাপারে কোনও ধরনের ফাঁক রাখবে না রাশিয়ান সরকার, এমনটা জানিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্দো লাগোরিও।

টিওয়াইসি স্পোর্টস’এর কাছে মেসির প্রতি সহানুভূতি জানিয়ে লাগোরিও বলেছেন, আগামী বছর নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা থাকবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ইএসপিএনএফসি’কে তিনি বলেছেন, ‘আমি সবার আগে মেসি ও তার পরিবারের প্রতি আমার সমর্থন জানাতে চাই। কারণ এমন ছবি ছিল খুব অস্বস্তিকর। এই নিষ্ঠুর ও বেদনাদায়ক ছবি সবার প্রথমে তাকে কষ্ট দিয়েছে।’

বিশ্বকাপে নিরাপত্তায় কোনও ধরনের ঘাটতি থাকবে না বিশ্বাস লাগোরিওর, ‘আমার কোনও সন্দেহ নেই যে, রাশিয়ান সরকার ও ফেডারেশন বিশ্বকাপে ভক্ত ও পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কোনও শঙ্কা ছাড়াই সারা বিশ্ব থেকে লোকজন আসতে পারবে।’

বিশ্বকাপ আগামী বছরের মাঝামাঝি হলেও রাশিয়াতে এ বছরই দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ নভেম্বর মস্কোতে তাদের প্রতিপক্ষ রাশিয়া, তিনদিন পর ক্রাসনোদারে নাইজেরিয়াকে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানেও আর্জেন্টিনাকে কড়া নিরাপত্তা দেওয়া হবে বলেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত, ‘আমাদের জন্য বিশ্বকাপ শুরু ১১ নভেম্বর, এটা শান্তিতে শুরু হবে আশা করি। আমাদের শান্ত থাকতে হবে। (হামলার) লক্ষ্য হলো মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো। কিন্তু কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই বিশ্বকাপে আসা উচিত আর্জেন্টাইনদের। আমি আবারও বলছি- রাশিয়ান সরকার বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা দেবে, যেন নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা ছাড়াই বিশ্ববাসী এটা উপভোগ করতে পারে।’ গোল ডটকম, ইএসপিএনএফসি