লিগের আগে ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল পিএসজি। পয়েন্ট হারানো ওই ম্যাচেই আবার দুই হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। যাতে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় নিসের বিপক্ষে দর্শক হয়ে খেলা দেখতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। তাকে ছাড়া পিএসজির এগিয়ে যেতে মাত্র তিন মিনিট লেগেছে পার্ক দে প্রিন্সেসে। আনহেল দি মারিয়ার নেওয়া ফ্রি কিক নিসের ছোট বক্সের সামনে থেকে বুলেট গতির হেডে লক্ষ্যভেদ করেন কাভানি।
লিড নেওয়ার পর পিএসজির খেলার গতি যেন বাড়ে আরও। একের পর এক আক্রমণ চালিয়ে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারও স্কোরার সেই কাভানি। দি মারিয়ার বাড়ানো বুদ্ধিদীপ্ত পাস দৌড়ে নিস গোলরক্ষককে ফাঁকি দিয়ে ব্যবধান ২-০ করেন উরুগুইয়ান স্ট্রাইকার। পরের গোলটা আর নিজেদের করতে হয়নি, সফরকারীদের ডিফেন্ডার দান্তে নিজেদের জালে বল জড়ালে ৩-০ গোলের জয়ের সঙ্গে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
১১ ম্যাচ শেষে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি ২৯ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা মোনাকো ২২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। গোল ডটকম