তাজিকিস্তানের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলএএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের মঙ্গলবার থেকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক তাজিকিস্তান। হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ভুটানে সাফ ফুটবলের অনুপ্রেরণা নিয়ে মাহবুব হোসেন রক্সির দল নামবে মাঠে। যদিও স্বাগতিকদের বিপক্ষে অতীত রেকর্ড মোটেও সুখকর নয়। জাতীয় দলের লড়াইয়ে একটিমাত্র জয়ের রেকর্ড আছে, বিপরীতে সাতটিতে হার ও দুটিতে ড্র করেছে বাংলাদেশ।

এবার বাছাই পর্ব শুরুর আগে তিন দিন প্রস্তুতি সেরেছে লাল-সবুজরা তাজিকিস্তানে। ওখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার লক্ষ্যেই আগেভাগে যাওয়া। প্রস্তুতি ও দলীয় সমন্বয়ে অধিনায়ক টুটুল হোসেন বাদশা ভালো ফলের ব্যাপারে আশাবাদী, ‘আমরা ভালো খেলতে চাই। ভুটানে সাফের আসরে ভালো খেলে রানার্স-আপ হয়েছি। এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই তাজিকিস্তানে। আমাদের দলীয় সমন্বয়ও ভালো। সবাই মিলে সেরাটা দিতে পারলে ভালো ফল সম্ভব।’

দলের কোচ মাহবুব হোসেন রক্সি অবশ্য সমীহ করলেন প্রতিপক্ষকে, ‘তাজিকিস্তান অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। ওরা নিজেদের মাঠে খেলবে, সমর্থকদের সমর্থনও তাদের দিকে। এর বিপরীতে আমাদের ভালো খেলতে হবে। প্রতিপক্ষকে কোনও ছাড় দেওয়া হবে না। শতভাগ দেওয়ার চেষ্টা থাকবে।’ কন্ডিশন নিয়েও সন্তুষ্ট তিনি, ‘শীত নিয়ে যতটা চিন্তা করেছিলাম, এখানে এসে ততটা মনে হয়নি। সহনীয় আছে।’

শক্তিশালী তাজিকিস্তানকে নিয়ে বাংলাদেশ বেশ সতর্ক। তাই কোচ কিংবা অধিনায়ক কেউই সরাসরি জয়ের কথা মুখে আনেননি। ফিফা র‌্যাংকিংয়ে তাজিকিস্তান ১২৩ আর বাংলাদেশ আছে ১৯৬-তে। র‌্যাংকিংই বলে দিচ্ছে দু’দলের অবস্থান।

‘বি’ গ্রুপে মালদ্বীপ, উজবেকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। চূড়ান্ত পর্বে যেতে হলে গ্রুপসেরা হতে হবে। তা না হলে পাঁচ সেরা রানার্স-আপ দলের একটি হওয়া ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।