চার্লি শেরিংহ্যামবাবা ছিলেন বিখ্যাত ফুটবলার, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫১ ম্যাচে গোল করেছিলেন ১১টি। টেডি শেরিংহ্যামের সবচেয়ে বিখ্যাত গোল অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেই গোলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইনজুরি সময়ে সমতায় ফিরেছিল ম্যানইউ। এরপর ইনজুরি সময়েই আরেকটি গোল করে স্বপ্নের শিরোপা জিতেছিল ‘রেড ডেভিল’রা। বাবার মতো বিখ্যাত হতে পারেননি চার্লি শেরিংহ্যাম। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেস ও বোর্নমাউথে খেললেও বর্তমানে খেলছেন ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগে।
২৯ বয়সী স্ট্রাইকার চার্লি সোমবার ঢাকায় এসেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে ট্রায়াল দিতে। ট্রায়ালে পছন্দ হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য তাকে নিবন্ধন করবে দলটি।
লিগে নবাগত সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী মঙ্গলবার বলেছেন, ‘ইংল্যান্ড থেকে টেডি শেরিংহ্যামের ছেলে চার্লিকে নিয়ে এসেছি আমরা। বাবার মতো ছেলেও স্ট্রাইকার পজিশনে খেলে। ট্রায়ালে পছন্দ হলে তাকে লিগের দ্বিতীয় পর্বের জন্য নেওয়া হবে। সবার আগে অবশ্য চার্লির ফিটনেস ও পারফরম্যান্স দেখে নিতে হবে।’