নিজেকে কোচের জায়গায় দেখেন না রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোডেভিড বেকহাম ফুটবল ছাড়ার পর কী করবেন, সেটা নিয়ে আলোচনা হয়েছিল খুব। জেমস বন্ডের নতুন ‘হিরো’ হওয়ার কথাও শোনা গিয়েছিল তখন। বেকহামের মতো সুদর্শন ‍ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে এখন পর্যন্ত রূপালি পর্দার আলোচনা হয়নি কোনও। তবে এক সাক্ষাৎকারে পর্তুগিজ যুবরাজ জানিয়েছিলেন, নিজের ব্র্যান্ড ‘সিআরসেভেন’কে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। নতুন করে এবার জানালেন, কোচ হওয়ার ইচ্ছা আপতত নেই তার।

২০১৬ সালে পর্তুগালের ইউরো জেতার পথে ফাইনালে ডাগআউটে দাঁড়িয়ে সতীর্থদের উজ্জীবিত করার দৃশ্যটা রোনালদোর কোচিং ক্যারিয়ারের দিকে ফেলেছিল মারাত্মক প্রভাব। যদিও ফিফার বর্ষসেরা খেলোয়াড় কোচ হওয়ার স্বপ্ন দেখেন না। নাইকির এক অনুষ্ঠানে পর্তুগিজ তারকা বলেছেন, ‘এটা বলা খুব মুশকিল ভবিষ্যতে আমি কী করব। তবে একটা বিষয় আমার কাছে পরিষ্কার, সেটা হলো বর্তমান নিয়েই ভাবতে আমার ভালো লাগে।’ পরের কথাও অবশ্য জানিয়ে দিলেন, ‘জানি আমি চিরদিন তরুণ থাকব না, তবে আমি নিজেকে কোচের জায়গায় দেখি না।’

রোনালদোর কঠোর পরিশ্রমের কথা অল্পস্বল্প সবারই জানা। পর্তুগিজ তারকা মনে করেন, প্রতিভার পাশাপাশি পরিশ্রমটাও লাগে। তার ব্যাখ্যাটা এমন, ‘প্রতিভা, যদি আপনার মধ্যে প্রতিভা না থাকে, তাহলে কোনও কথাই আসবে না। তবে যদি আপনার মধ্যে প্রতিভা থাকে, তাহলে কঠোর পরিশ্রম ও নিজেকে সমর্পণ করলে আরও ভালো করতে পারবেন।’ মার্কা