এই মৌসুমের একমাত্র অপরাজিত দল ম্যানসিটি। দাপট দেখিয়ে ৩-১ গোলে জিতলো তারা ইতিহাদ স্টেডিয়ামে। মাত্র ১৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। নাপোলির বিপক্ষে গত চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির শীর্ষ গোলদাতার রেকর্ড ভাঙা সের্হিয়ো আগুয়েরো পেনাল্টি গোলে ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৫ মিনিটের গোলে ল্যাকাজেত্তে আর্সেনালের আশা পুনরুদ্ধার করেছিল। কিন্তু সেটা ভেঙে দেন গ্যাব্রিয়েল হেসুস। ব্রাজিলিয়ান তারকা ৭৪ মিনিটে ম্যানসিটির তৃতীয় গোল করেন।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা টটেনহ্যাম প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে। আগের ম্যাচে তারা হেরেছিল ম্যানইউর কাছে। নিজেদের সপ্তম জয়টি তারা পেয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। স্পারদের একমাত্র গোলটি করেন হিউং মিন, ৬৪ মিনিটে।
রবিবারের লড়াই শেষে ম্যানসিটি ৮ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। ১১ ম্যাচে তাদের অর্জন ৩১ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। সমান পয়েন্টে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে টটেনহ্যাম। আর চেলসি ২২ পয়েন্ট নিয়ে চারে। গোল ডটকম