তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে উজবেকিস্তান। পুরো ম্যাচে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা ব্যস্ত ছিলেন প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে। উজবেকদের ১৪টি কর্নার সাফল্যের সঙ্গেই ঠেকিয়ে দিয়েছেন বাদশা-রহমতরা। তবে পাল্টা আক্রমণ থেকে গোল করার পরিকল্পনা সফল হয়নি। প্রতিপক্ষের ডিফেন্স লাইনে ঢোকাই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।
অবশ্য গোল করার চেয়ে গোল ঠেকানোর দিকেই বেশি মনোযোগ ছিল বাংলাদেশের। গোলরক্ষক আর ডিফেন্ডাররা প্রাণপণে লড়াই করে ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মোহাম্মদ আতিকুজ্জামানের ভুলে ১-০ গোলে হার মানতে হয়েছে।
কোচ মাহবুব হোসেন রক্সি উজবেকিস্তানের মতো শক্তিশালী দলকে আটকানোর মন্ত্রে উজ্জীবিত করেছিলেন শিষ্যদের। ডিফেন্স জমাট রেখে পাল্টা আক্রমণে যাওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পরিকল্পনাটা আরেকটু হলেই সফল হয়ে যেতো। চার মিনিট ইনজুরি টাইমের শেষ মিনিটে আত্মঘাতী গোলে তা সফল হয়নি। তবে উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে পুরো ম্যাচ লড়াই করাও কম কথা নয়!
হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপের লড়াইয়ে অনেক পিছিয়ে পড়লো বাংলাদেশ। তিন ম্যাচ থেকে রক্সির শিষ্যদের সংগ্রহ ৪ পয়েন্ট। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে উজবেকিস্তান। আগামী বুধবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।