লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে যেমন দাপট দেখিয়েছে ব্রাজিল, তেমনি ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরেকবার প্রমাণ করেছে ফ্রান্স, স্পেন ও জার্মানি। এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা থেকে এই দলগুলোকে এগিয়ে রাখলেন সাম্পাওলি, ‘আমার কাছে আর্জেন্টিনা থেকে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন এক ধাপ এগিয়ে। জার্মানিকে এখানে আর উল্লেখ করলাম না, যদিও আমি তাদের ভুলে যাচ্ছি না।’
জার্মানিকে ফেভারিটের খাতায় সরাসরি না রাখার কারণও আছে। ২০১৪ বিশ্বকাপে এই জার্মানির বিপক্ষে হেরেই স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে ট্রফির কাছে গিয়েও আলবিসেলেস্তেদের ফিরতে হয় খালি হাতে। সামনের রাশিয়া বিশ্বকাপেও ফেভারিট ধরা হচ্ছে জার্মানদের। যদিও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা পছন্দ নয় আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির, ‘জার্মানি যেভাবে খেলে, সেটা আমার পছন্দ নয়।’
সেভিয়ার দায়িত্বে থাকার সময়ই সাম্পাওলি স্পষ্ট জানিয়েছিলেন, একদিন তিনি কোচ হতে চান লিওনেল মেসির। আর্জেন্টিনা জাতীয় দল থেকে প্রস্তাব আসার পর তাই দ্বিতীয়বার চিন্তা করেননি ৫৭ বছর বয়সী এই কোচ, ‘জাতীয় দলের কোচের প্রস্তাব পাওয়ার পর আমি কোনও দ্বিধায় ভুগিনি। এটার কারণ হলো আমি কোচিং করানোর সুযোগ পেয়েছি বিশ্বসেরা খেলোয়াড়কে, লিও মেসি।’ মার্কা