লিগের ফিরতি পর্বে আরামবাগের পারফরম্যান্স ভালো। দুই ম্যাচের একটি জিতেছে তারা, অন্যটি ড্র। ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে আরামবাগ। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান একাদশ।
অন্যদিকে সাইফ স্পোর্টিং ফিরতি পর্বের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে হারালেও পরের ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করেছে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। আগের ম্যাচের রেফারিং নিয়ে অবশ্য ক্ষোভ যায়নি সাইফ স্পোর্টিংয়ের। দলটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আরামবাগের বিপক্ষে ৬২ মিনিটের সময় আমাদের একটি পেনাল্টি দেননি রেফারি। সেটা পেলে হয়তো তিন পয়েন্ট পেতাম। এ বিষয়ে আমরা লিগ কমিটির চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছি, আমরা ন্যায়বিচার চাই।’
চার দলের মধ্যে ফরাশগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ। ১৩ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে সবার নিচে আছে পুরোনো ঢাকার ক্লাবটি। অবনমন এড়ানোই তাদের জন্য কঠিন।