ভুগতে থাকা অ্যাথলেটিকের বিপক্ষে স্যান মেমেসে হতাশাজনক ড্রর দিন রিয়ালের দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে সের্হিয়ো রামোসের লাল কার্ড। তাছাড়া শীর্ষস্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
এদিন আগের ম্যাচে সেল্তা ভিগোর মাঠে বার্সা ড্র করায় রিয়ালের সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান ছয়ে কমানোর। কিন্তু জিততে না পারায় দুই দলের মধ্যে দূরত্ব থাকলো ৮ পয়েন্টের। আর এ ড্রয়ে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের পেছনে পড়তে হয়েছে রিয়ালকে। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো, আর রিয়াল ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে। বার্সা ৩৬ পয়েন্টে সবার উপরে।
খেলার ২০ মিনিট বাকি থাকতে রোনালদোর বাঁ পায়ের শক্তিশালী ভলি অল্পের জন্য অ্যাথলেটিকের জালে জড়ায়নি। ওই শট গোলবারের পাশ দিয়ে গেলেও প্রতিপক্ষকে চেপে ধরার অনুপ্রেরণা খুঁজে পায় রিয়াল। কিন্তু তারা বড় ধরনের ধাক্কা খায় ৮৬ মিনিটে আদুরিজকে কনুইয়ের ধাক্কা দিয়ে রামোস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। নাক ভাঙার পর মুখোশ লাগিয়ে কেবলই ম্যাচে ফিরেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার।