সাইফ স্পোর্টিংকে রুখে দিলো ফরাশগঞ্জ

সাইফ স্পোর্টিং-ফরাশগঞ্জ ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ছবি-বাফুফেএকটি পয়েন্ট ভীষণ জরুরি ছিল ফরাশগঞ্জের জন্য। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকায় রেলিগেশন নিয়ে দুশ্চিন্তায় পুরোনো ঢাকার ক্লাবটি। তবে রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে একটি মূল্যবান পয়েন্ট পেয়েছে ফরাশগঞ্জ। শিরোপা প্রত্যাশী সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে তারা ড্র করেছে ২-২ গোলে।

১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে সাইফ স্পোর্টিং। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ এখনও সবার নিচে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অষ্টম মিনিটে এগিয়ে যায় ফরাশগঞ্জ। কর্নার থেকে ফরাশগঞ্জের গাম্বিয়ান মিডফিল্ডার লামিন কামারার হেড সাইফ স্পোর্টিংয়ের গোলরক্ষক ঠেকালেও ফিরতি শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মোহাম্মদ আলমগীর।

তিন মিনিট পরই অবশ্য সমতা ফেরায় নবাগতরা। বক্সের মধ্যে কামারা হ্যান্ডবল করলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগিয়ে স্কোরলাইন ১-১ করেন হাইতির ফরোয়ার্ড ওয়েডসেন আনসেলমে। 

প্রথমার্ধের ইনজুরি সময়ে জুয়েল রানার চমৎকার গোলে এগিয়েও যায় সাইফ স্পোর্টিং। ডান দিক থেকে আসা আড়াআড়ি পাস ডি-বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে শরীরটাকে চকিতে ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড (২-১)।

বিরতির ঠিক আগে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে ফরাশগঞ্জ। মোহাম্মদ সুজনের বাড়ানো বল ধরে, ‍দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ শামীম। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও জয়সূচক গোলের দেখা পায়নি সাইফ স্পোর্টিং।

দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। লিগের প্রথম পর্বে আরামবাগকে একই ব্যবধানে হারিয়েছিল মুক্তিযোদ্ধা।

চতুর্থ মিনিটে প্রথম সুযোগ থেকেই এগিয়ে যায় আরামবাগ। একটি আক্রমণ মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সাইদুল হক ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। বল ক্রসবারে লেগে ফেরার পর সোহেল রানার শট জড়িয়ে যায় জালে। তিন মিনিট পর মাহবুবুর রহমান সুফিলের বাড়ানো বলে রাজন মিয়ার জোরালো ভলি ২-০ গোলে এগিয়ে দেয় আরামবাগকে।

১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে চতুর্থ জয় পাওয়া আরামবাগ ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।