মেসির চেয়ে পাঁচ বছরের বড় ৩৫ বছর বয়সী মাতিয়াস। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর, রোজারিও’র পানামা নদী থেকে অস্ত্রসহ পাওয়া যায় তাকে। চোয়াল ও মুখে আঘাত পাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে রোজারিও’র এক হাসপাতালে। পানামা নদীতে স্পিড বোট চালাতে গিয়ে কোনও এক পাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মারাত্মকভাবে আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন মাতিয়াস। কিন্তু সমস্যাটা অন্যখানে। রোজারিও পুলিশের দাবি, তার রক্তাক্ত স্পিড বোট থেকে লাইসেন্সবিহীন একটি পিস্তল পাওয়া গেছে। যে কারণে আর্জেন্টিনার এক আদালত তাকে গ্রেফতারের আদেশ দিয়েছেন।
আর্জেন্টাইন এক সংবাদমাধ্যম মাতিয়াসের চালানো ওই স্পিড বোটের ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, বোটের অনেকটা অংশ জুড়ে রক্তের দাগ। মাতিয়াস দাবি করেছেন, বোটের গায়ে লেগে থাকা রক্ত তারই। যদিও পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তবে রক্ত যারই হোক, বেআইনী অস্ত্র রাখার বিষয়টি প্রমাণিত হলেই লম্বা সময়ের জন্য জেলে থাকতে হতে পারে মেসির ভাইকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, শাস্তিটা এমনকি আট বছরের জেলও হতে পারে!
যদিও মেসির পরিবার থেকে অস্ত্র রাখার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের দাবি, মাতিয়াসের বোটে কোনও ধরনের অস্ত্র ছিল না। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রোজারিও’র হাসপাতালটির পরিচালক কার্লোস লোভেসিও জানিয়েছিলেন, চোয়াল ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করতে হবে মাতিয়াসের। তাছাড়া মুখেরও বেশ কয়েকটি জায়গায় চোট পেয়েছেন তিনি। ডেইলি মেইল