মার্চে দুটি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ: কাজী নাবিল আহমেদ

কাজী নাবিল আহমেদ২০১৬ সালে ১০ অক্টোবর ভুটানের বিপক্ষে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ। এক বছরের বেশি কেটে গেলেও জাতীয় দলের আর মাঠে নামা হয়নি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি এবং জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের কথায় মিললো সুখবরের আভাস। আগামী বছরের মার্চে ফিফা নির্ধারিত আন্তর্জাতিক ফুটবল সূচি চলার সময় দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।

শনিবার জাতীয় টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আগামী বছরের ১৯ থেকে ২৯ মার্চের মধ্যে ফিফার উইন্ডোতে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েছি আমরা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলোর সঙ্গে খেলতে আমরা আগ্রহী। আমাদের প্রতিপক্ষ হতে পারে কম্বোডিয়া আর ব্রুনেই। এই দুই দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রীতি ম্যাচে মাঠে নামার আগেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘জাতীয় দলের ক্যাম্প ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শুরু হয়ে যাবে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর স্বাধীনতা কাপ ফুটবল হবে। এরপর বৃহত্তর পরিসরে ক্যাম্পের কাজ শুরু হবে। ২০১৮ সালের জন্য আমরা প্রাথমিক পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।’ 

চলছে বাফুফের নির্বাহী কমিটির সভাপরিকল্পনার কথাও বিস্তারিত জানালেন কাজী নাবিল আহমেদ, ‘পরিকল্পনা অনুযায়ী, আমরা দীর্ঘমেয়াদে অনূর্ধ্ব-১৯, ২৩ ও জাতীয় দলের জন্য অনুশীলনের ব্যবস্থা করবো। আগামী বছর আমাদের দুটি ক্লাব এএফসি কাপে খেলবে। ক্লাব দুটির সুবিধার জন্যও আমরা সময় বের করার চেষ্টা করছি। আগামী বছরের আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস, এরপর সেপ্টেম্বরে বাংলাদেশে হবে সাফ ফুটবল। এই দুটো টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বিকেএসপি সহ অন্য জায়গায় দীর্ঘমেয়াদে বৃহত্তর পরিসরে ক্যাম্প কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে।’

জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানালেন বাফুফে সহ-সভাপতি, ‘প্রধান কোচের সঙ্গে আলোচনা করে, বাকি রিপোর্ট নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সভা করে আমরা ২০১৮ সালের চূড়ান্ত পরিকল্পনার সিদ্ধান্ত নেবো।’

এদিকে শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ‘প্রাইম স্পোর্টস এন্টারটেইনমেন্ট’ একটি প্রস্তাব দিয়েছে বাফুফেকে। ঘরোয়া প্রতিযোগিতা এবং জাতীয় দলের কার্যক্রমের জন্য বছরে ৮ কোটি টাকা দিতে চায় প্রতিষ্ঠানটি। বাফুফে এই প্রস্তাবে সাড়া দিয়েছে।