মোহামেডান ও মুক্তিযোদ্ধার ‘প্রতিশোধ’

মোহামেডান-সাইফ স্পোর্টিং ম্যাচের একটি মুহূর্ত। ছবি-বাফুফেপ্রথমার্ধে আধিপত্য ছিল সাইফ স্পোর্টিং ক্লাবের। কিন্তু ইংলিশ স্ট্রাইকার চার্লি শেরিংহ্যাম ও হাইতির ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে ভালো সুযোগ পেয়েও দলকে গোল উপহার দিতে পারেননি, যার মাশুল দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান দুর্দান্ত খেলে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে নবাগতদের। তিন গোলের দুটি নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের, অন্যটি হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলের খেলা দেখতে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার টেডি শেরিংহ্যাম। কিন্তু চার্লি সন্তুষ্ট করতে পারেননি বাবাকে। প্রথমার্ধে চার্লির দুর্বল শট চলে যায় রাসেল মাহমুদ লিটনের গ্রিপে। আর ওয়েডসনের শট  কর্নারের বিনিময়ে রক্ষা করেন মোহামেডানের গোলরক্ষক।

কর্দমাক্ত মাঠে দুর্দান্ত খেলে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি গোল আদায় করে নিয়েছে মোহামেডান। ৪৬ মিনিটে বিপুলের ক্রসে ডাইভিং হেডে গোল করেছেন এনকোচা। দুই মিনিট পর আবার গোল, পাল্টা আক্রমণ থেকে বক্সে ঢুকে সাইফ স্পোর্টিংয়ের গোলরক্ষক পাপ্পু হোসেনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়েছেন অগাস্টিন।

৫৬ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার তপু বর্মণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেছেন এনকোচা। লিগের প্রথম পর্বে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-২ গোলে হারের প্রতিশোধ ফিরতি পর্বে নিয়েছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।

আগের ম্যাচেও ছিল প্রতিশোধের গল্প। প্রথম পর্বে ব্রাদার্সের কাছে ১-০ গোলে হারের বদলা নিয়েছে মুক্তিযোদ্ধা। ৭৭ মিনিটে শফিকুল ইসলাম বিপুলের ডিফেন্স চেরা পাস ধরে অফসাইড ট্র্যাপ ভেঙে লক্ষ্যভেদ করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওলা। তিন মিনিট পর তানভীর রানার ক্রস মনির হেড দিয়ে নামালে মাগালানের ভলিতে জয় নিশ্চিত হয়েছে মুক্তিযোদ্ধার।

চারটি দলই খেলেছে ১৬টি ম্যাচ। সাইফ স্পোর্টিং ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ, মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম, ব্রাদার্স ১৪ পয়েন্ট নিয়ে নবম এবং মুক্তিযোদ্ধা ১১ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে।