ম্যানচেস্টার ডার্বি জয়ের পর সোয়ানসির মাঠে নতুন করে দল সাজান গার্দিওলা। গ্যাব্রিয়েল হেসুস ও লেরয় শেনের বদলে সের্হিয়ো আগুয়েরো ও বার্নার্দো সিলভা ছিলেন একাদশে। কাইল ওয়াকারের জায়গায় দানিলো ও ভিনসেন্ত কোম্পানির পরিবর্তে এলিয়াকুইম মানগালা এসেছিলেন দলে। দল পাল্টালেও ফলাফল ছিল একই।
প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে টানা ১৫তম জয়ে ডেভিড সিলভা করেছেন জোড়া গোল। চমৎকার ফ্রি কিকে কেভিন ডি ব্রুইন ও চতুর্থ গোল করেন আগুয়েরো। এই মৌসুমে ১৭ ম্যাচে ৫২ গোল করলো ম্যানসিটি। তাদের পয়েন্ট ৪৯।
সিটিকে চাপে রাখার লক্ষ্যে ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ। একমাত্র গোল করেন রোমেলু লুকাকু। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট ইউনাইটেডের।
ওয়েস্ট হ্যাম জয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে আর্সেনালকে ঠিক রুখে দিয়েছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে গানারদের অবস্থান ৭ নম্বরে। লিভারপুল টানা দ্বিতীয় ড্র করেছে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিলিপ কৌতিনিয়ো ও রবার্তো ফিরমিনিয়োকে আক্রমণভাগে রেখেও গোলের দেখা পায়নি অল রেডরা। ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে তারা। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতে লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে চারে উঠেছে টটেনহ্যাম হটস্পার।