‘আমি জাদুকর না’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনঅনূর্ধ্ব-১৫ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে লিগ পর্বে ৩-০ গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এই ভারতের বিপক্ষেই আবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে এমন জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্বাগতিকরা। যদিও সংবাদ সম্মেলনে ভারতের পারফরম্যান্স নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, যেখানে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে জানাতে চাওয়া হয়েছিল ভারত কি তাদের সেরাটা খেলেছে? প্রশ্নটা শুনে কিছুটা উত্তেজিত হয়ে যাওয়া ছোটনের উত্তর, ‘আমি জাদুকর না।’

আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও ভারত। তাই লিগ পর্বের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ভারতের এভাবে হারাটা একটা কৌশলও হতে পারে। নিজেদের সেরাটা জমিয়ে রেখে বাংলাদেশের সঙ্গে ‘নিয়মরক্ষার’ ম্যাচ খেলেছে কিনা, সেটা জানতেই প্রশ্নটা ছিল ছোটনের কাছে। যদিও বাংলাদেশের কোচ তেমনটা মনে করেন না, ‘ভারতও তাদের সেরা ফুটবল খেলার চেষ্টা করেছে। ভারতের চেয়ে আমরা ভালো ফুটবল খেলেছি। প্রতিপক্ষ তো একাদশে তেমন পরিবর্তন আনেনি। তারাও তাদের মতো সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন আসলে তাদের মনে কী ছিল, তা তো বলতে পারছি না। আমি তো জাদুকর না। হলে হয়তো আসল ঘটনাটা বলতে পারতাম।’

তিন ম্যাচের মধ্যে প্রতিপক্ষ ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশ কোচ, ‘তিন ম্যাচেই আমাদের মেয়েরা নিজেদের খেলার মধ্যে ছিল। তবে আগের ম্যাচের তুলনায় এই ম্যাচকে আমি এগিয়ে রাখব। কেননা ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের সবার জন্যই উত্তেজনার। ভারতের বিপক্ষে ৩-০ গোলে জেতা অনেক বড় ব্যাপার।’

ফাইনালের আগে নিজেদের লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবি ছোটনের, ‘আমাদের যে চিন্তা ছিল, খেলায় থাকব, দর্শকদের আনন্দ দেবো, অলআউট ফুটবল খেলব ও জয়ের জন্য মাঠে নামব- আমি মনে করি সবকিছুই মেয়েরা করেছে। এজন্য মেয়েদের ধন্যবাদ।’

বাংলাদেশের মেয়েদের প্রশংসা ঝরল ভারতের কোচ মায়মল রকির মুখেও, ‘ভালো ম্যাচ ছিল। দুই দলই ভালো খেলেছে। কিন্তু ফুটবলে জয়ী দল একটাই হয়, যেখানে বাংলাদেশ জিতেছে। শ্রদ্ধা রেখেই বলছি বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত খেলেছে। অভিনন্দন তাদের। আমি বিশ্বাস করি, হারলেও আমার দলও ভালো খেলেছে।’