লিগের গত মৌসুমে বার্নাব্যুতে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। তার আগেরবার ঘরের মাঠে রিয়াল হারে ৪-০ গোলে। তবে এরনেস্তো ভালভারদে দায়িত্ব নেওয়ার পর টানা দুটি এল ক্লাসিকো এই মৌসুমে হেরেছিল বার্সা। গত আগস্টে স্প্যানিশ সুপার কাপের দুই লেগে ৩-১ ও ২-০ গোলে তাদের বিপক্ষে জিতে শিরোপা হাতে নেয় রিয়াল। লিওনেল মেসি ও লুই সুয়ারেসের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত প্রথম এল ক্লাসিকো জয়ের স্বাদ পেলেন অ্যাথলেটিক বিলবাওর সাবেক কোচ।
গত সপ্তাহে গ্রেমিওকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। ওই ম্যাচের পরই ক্রিস্তিয়ানো রোনালদো আবদার করেছিলেন, এল ক্লাসিকো শুরুর আগে যেন বার্সা তাদের ‘গার্ড অব অনার’ দেয়। সেই আবদার পূরণ হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দেয় বার্সা। প্রত্যাখ্যাত হয়ে বার্সার ‘গায়ে জ্বালা’ ধরাতেই বিশেষ ‘পার্টি’ করার সিদ্ধান্ত নিয়েছিল রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ২৩৭তম এল ক্লাসিকোতে উল্টো তাদের সামনে জয় উদযাপন করলো বার্সা।
তবে বার্সা প্রথমবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় ৩০ মিনিটে। মেসির চমৎকার পাস থেকে শট নিয়েছিলেন পাউলিনিয়ো, কিন্তু ব্রাজিলিয়ানের চেষ্টা গোলবারের উপর দিয়ে আলতো করে পাঠিয়ে দেন কেইলর নাভাস। পরের মিনিটে রোনালদোর কোনাকুনি শট পা দিয়ে ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। বিরতিতে যাওয়ার আগে ৩৯ মিনিটে শেষবার সুযোগ হারায় অতিথিরা। আবারও পাউলিনিয়োর হেড রুখে দেন নাভাস। ৪২ মিনিটে রিয়ালের সুবর্ণ সুযোগ নষ্ট হয় করিম বেনজিমার হেড পোস্টে লেগে।
দলে একটি দুটি বদল আনার পরিকল্পনা করছিলেন জিনেদিন জিদান। কিন্তু ৬৩ মিনিটে আবার পিছিয়ে পড়ে তার দল। সুয়ারেস দুইবার লক্ষ্যভ্রষ্ট হন, প্রথমবার নাভাস ও পরেরবার পোস্টে লাগে। কিন্তু পাউলিনিয়ো ফিরতি শট নিয়েছিলেন লক্ষ্যে, ঝুঁকিপূর্ণ ওই চেষ্টা হাত দিয়ে আটকে দেন দানি কারভাহাল। বল লক্ষ্যভেদ হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং কারভাহালকে দেখান লাল কার্ড। স্পট কিকে মেসি শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন। লা লিগায় রিয়ালের বিপক্ষে এটি ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের ১৭তম গোল। লিগের ইতিহাসে মাদ্রিদের ক্লাবের বিপক্ষে এত গোল আর কেউ করেনি।
এই জয়ে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো কাতালান জায়ান্টরা। আর এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল। বার্সার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ (৩৬)। অবশ্য শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলে অ্যাতলেতিকোকে টপকে দুই নম্বরে উঠবে ভ্যালেন্সিয়া (৩৪) । অর্থাৎ, অন্তত ৮ পয়েন্টে এগিয়ে থেকে বছর শেষ করবে শীর্ষে থাকা বার্সা।