মেসি-রোনালদোদের বড়দিনের শুভেচ্ছা

পরিবারের সঙ্গে মেসিস্প্যানিশ লিগ গেছে ছুটিতে। সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো বড়দিন উপভোগ করছেন দারুণভাবে। আর সেই আনন্দ ভক্ত-সমর্থকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন তারা শুভেচ্ছা বার্তায়।

গোটা ফুটবল বিশ্বে উৎসবের আমেজ। বড়দিনের ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে খেলোয়াড়রা মেতে উঠেছেন আনন্দ-উৎসবে। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য ছুটি নেই। কালই তাদের নামতে হবে বক্সিং ডে ম্যাচে। খাওয়া বা পান করায় খানিক লাগাম থাকলেও বড়দিনের আনন্দে শামিল সবাই।

দুই ছেলে থিয়াগো-মাতেও ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে ছবি তুলেছেন মেসি সান্তা ক্লজের সঙ্গে। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’ পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন রোনালদোও। বান্ধবী হোর্হিনা রোদ্রিগেস ও সন্তানদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘শুভ বড়দিন। শান্তি, ঈশ্বরের ভালোবাসায় সুস্থ থাকুক পরিবারের সবাই।’পরিবার ও বন্ধুদের সঙ্গে রোনালদো

জার্মানির সাবেক মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টেইগার তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘শুভ বড়দিন। আনন্দ ও সুস্থতায় কাটুক ছুটির দিনটি।’ স্ত্রী ও সন্তানের সঙ্গে প্রথম বড়দিন কাটানো বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোস্কি শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘একসঙ্গে আমাদের প্রথম বড়দিন। দারুণ সময় কাটুক সবার।’