ক্রিস্তিয়ানো রোনালদো এবারও জিতেছেন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটি। যাতে পর্তুগিজ যুবরাজ পাঁচবার জিতে সংখ্যার দিক থেকে ধরে ফেলেছেন মেসিকে। টানা দুইবার খালি হাতে থাকলেও আর্জেন্টাইন অধিনায়কের সামনে আরও সুযোগ দেখছেন রিভালদো। বার্সেলোনা ও ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে। একই সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের হাতে দেখতে পাচ্ছেন আরও ব্যালন ডি’অর।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর সঙ্গে মেসির পার্থক্য বুঝিয়েছেন রিভালদো এভাবে, ‘লিওর গুণমান ক্রিস্তিয়ানো রোনালদো থেকে আলাদা। বলের সঙ্গে এই আর্জেন্টাইনের পারফরম্যান্স অন্য পর্যায়ের। ক্রিস্তিয়ানোও খুব ভালো ও ভীষণ পেশাদারি।’
এই রোনালদোই জিতেছেন এবারের ব্যালন ডি’অর। তবে ‘সোনার বল’-এর লড়াইয়ে রিভালদোর পছন্দ মেসিই। যা বোঝা গেল তার এই কথায়, ‘আরও অনেক সোনার বল জেতার জন্য মেসির সবকিছুই আছে। আমার মতে ও আরও অনেক শিরোপা জিততে পারবে, কারণ আরও অন্তত তিন-চার বছর নিজের সেরা পর্যায়ে খেলতে পারবে ও।’ গোল ডটকম