স্টেডিয়ামে ‘জুয়া খেলা’ নিয়ে মারামারি!

প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময় গ্যালারিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ছবি-তানজীম আহমেদবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাবের খেলা চলছিল তখন। গ্যালারিতে খুব বেশি দর্শক ছিল না। প্রথমার্ধের মাঝামাঝি হঠাৎ পূর্ব গ্যালারিতে শুরু হয় চিৎকার। একদল লোক ‘জুয়া খেলছে’ এমন অভিযোগ জানিয়ে গ্যালারির এক পাশে এসে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কয়েকজন দর্শক।

এক পর্যায়ে সেই ‘জুয়াড়ি’দের মারধরও করা হয়। এরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তারা দুই পক্ষকে সরিয়ে দিলে কমে আসে উত্তেজনা।

এই ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এক দলের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ এনেছে আরেক দল। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, তারা বলছে অন্য কথা। খেলা চলার সময় সাইফ স্পোর্টিংয়ের সমর্থকরা ভুভুজেলা বাজিয়ে যাচ্ছিল। আজান চলায় থামতে বলা হলেও তারা থামেনি। এনিয়ে বাক-বিতণ্ডায় দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি।

পল্টন থানার সাব ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গ্যালারিতে গিয়ে তেমন কিছু দেখিনি। একদল ভুভুজেলা বাজাচ্ছিল। কয়েকজন আজানের সময় বাজাতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পরিস্থিতি বেশিদূর এগোয়নি।’