গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে লা লিগায় শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে রিয়াল। শীর্ষ দল বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে তারা। আর রেলিগেশন থেকে ১৬ পয়েন্ট এগিয়ে। এমন অবস্থায় হতাশার শেষ সীমানায় পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। এমন সময়ে সতীর্থদের উজ্জীবিত করতে ক্রিস্তিয়ানো রোনালদো দিলেন একটি বার্তা, ‘চ্যাম্পিয়নস লিগ ও কাপ এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এ দুটি শিরোপার জন্য ছুটবো।’
রোনালদোর এই বার্তায় সতীর্থরা কতটা অনুপ্রাণিত হলো, সেটা জানা যাবে তিনদিন পরই। বৃহস্পতিবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ তারা খেলবে লেহানেসের মাঠে।
গত দুটি লা লিগা ম্যাচে কোনও গোল পাননি রোনালদো। অনিশ্চয়তা দেখা দিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ নিয়েও। এরই মাঝে একটি পুরস্কার জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের ডিসেম্বরের সেরা খেলোয়াড় হয়েছেন পর্তুগিজ উইঙ্গার। গত মাসে ৬ ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। গত মৌসুমে দুর্দান্ত পারফরমারের ফর্ম এভাবে পড়ে যাওয়ার পেছনে রিয়ালের সর্বকালের চতুর্থ শীর্ষ গোলদাতা কার্লোস সান্তিয়ানা বললেন, ‘সে ভাবে, সবকিছু ঠিক করতে হবে তাকেই। মাঝেমধ্যে একটু মানসিক প্রশান্তিতে উৎফুল্ল থাকতে হবে। ভাবতে হবে যে সতীর্থরাও সহায়তা করতে পারে।’
মানসিক প্রশান্তির সুযোগ অবশ্য পাচ্ছেন রোনালদো। লেহানেসের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিশ্রাম দেওয়া হচ্ছে তাকে। ইএসপিএনএফসি, মার্কা