এফএ কাপের শেষ ষোলোতে চেলসি

দ্বিতীয় গোল করার পর বাতশুইয়েকে ঘিরে পেদ্রো-হ্যাজার্ডের উল্লাসইংলিশ লিগ কাপ সেমিফাইনাল থেকে চেলসির বিদায়ের দুঃখ কিছুটা কমলো। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠলো অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

গত বৃহস্পতিবার আর্সেনালের মাঠে লিগ কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরেছিল চেলসি। তিন দিন বাদে ঘুরে দাঁড়ালো তারা এফএ কাপের লড়াইয়ে।

মিশি বাতশুইয়ের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করলো চেলসি। ইডেন হ্যাজার্ড, মার্কোস আলোনসো ও পেদ্রোর সমন্বিতভাবে বানিয়ে দেওয়া বলে ৩১ মিনিটে গোলমুখ খোলেন এ বেলজিয়ান ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে দ্বিতীয় গোল করেন তিনি। হ্যাজার্ডের চতুর ক্রস থেকে বাতশুইয়ে লক্ষ্যে শট নেন, প্রতিপক্ষের ডিফেন্ডার বাধা দিলেও বল ঢুকে যায় জালে।

প্রথমার্ধের ইনজুরি সময়ে শেলভে সুবর্ণ সুযোগ নষ্ট করলে নিউক্যাসল ব্যবধান কমাতে পারেনি। বরং ৭২ মিনিটে চেলসি তৃতীয় গোল করে দুর্দান্ত ফ্রি কিকে। আলোনসোর শট অতিথিদের রক্ষণদেয়াল ভেদ করে গোলরক্ষক কার্ল ডারলোকে পরাস্ত করে।

শনিবার লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন উঠে গেছে শেষ ষোলোতে। ইএসপিএনএফসি