আগামী ৮ ফেব্রুয়ারি মেস্তায়ায় দ্বিতীয় লেগ নিয়ে দলকে সতর্ক থাকতে বললেন উরুগুয়ান স্ট্রাইকার। ন্যু ক্যাম্পের জয় নিশ্চিন্তে রাখতে পারছে না তাকে। ২০০৮ সালে এই ভ্যালেন্সিয়ার কাছেই সেমিফাইনালে বিদায় নিয়েছিল বার্সেলোনা। ২০১৬ সালে কোপা দেল রেতে সর্বশেষ এই প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে তারা। তবে প্রথম লেগে ন্যু ক্যাম্পে ৭-০ গোলের জয় বার্সাকে নেয় ফাইনালে।
দুই বছর আগের মতো বিশাল ব্যবধানে জয় এবার নিজেদের মাঠে পায়নি বার্সা। এজন্য ভ্যালেন্সিয়ার ফাইনালে যাওয়ার সুযোগ উড়িয়ে দিচ্ছেন না সুয়ারেস। লা লিগায় সর্বশেষ দেখায় মেস্তায়ায় ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। তাই সেমিফাইনালের দ্বিতীয় লেগ নিয়ে স্বাভাবিকভাবে সতর্ক তারা।
ম্যাচ শেষে সুয়ারেস বলেছেন, ‘এই জয়ে আমাদের অল্প সুবিধা হয়েছে। কারণ এখনও ৯০ মিনিটের লড়াই বাকি। ভ্যালেন্সিয়া ঘরের মাঠে অনেক শক্তিশালী। আর কোপা সেমিফাইনালে তো তারা আরও দুর্দান্ত।’
সব ধরনের প্রতিযোগিতায় সুয়ারেস এনিয়ে ১০ ম্যাচে করলেন ১২ গোল। এভাবে এগিয়ে যেতে চান তিনি, ‘দলকে সহায়তা করা সবসময় গুরুত্বপূর্ণ। আজ (বৃহস্পতিবার) আরেকটি গোল করলাম এবং আশা করি এভাবে চলতে থাকবে।’ গোল ডটকম, ইএসপিএনএফসি