দেশের সবচেয়ে দামি ফুটবলারকে এএফসির সতর্কতা

রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সতর্ক বার্তা পেয়েছেন তপু বর্মণ। ছবি-ফেসবুকডিফেন্ডার হলেও এ মৌসুমে তিনি দেশের সবচেয়ে দামী ফুটবলার। তবে ৫৮ লাখ টাকায় নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দিলেও তেমন ভালো খেলতে পারেননি তপু বর্মণ। শুধু পারফরম্যান্স অনুজ্জ্বল নয়, তার আচরণও প্রশ্নবিদ্ধ। যে কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে সতর্কতা বার্তা পেয়েছেন তপু।

প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম খেলতে নেমেই এএফসি কাপে খেলার সুযোগ পেয়েছিল  সাইফ স্পোর্টিং। যদিও এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব টুর্নামেন্টে অভিষেকটা ভালো হয়নি। মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কাছে প্রি-প্লে অফের  দুই লেগেই হেরে গেছে হলুদ-কালো জার্সিধারীরা। ২৩ জানুয়ারি ঢাকায় প্রথম লেগে একমাত্র গোলটির পেছনে ছিল তপুর ব্যর্থতা। তাকে কাটিয়েই টিসি স্পোর্টসের জয়সূচক গোল করেন কিরগিজস্তানের ফরোয়ার্ড লাসিসেভ আনাতোলি।

৩০ জানুয়ারি মালদ্বীপে ‘অ্যাওয়ে’ ম্যাচে সাইফ স্পোর্টিং হার মানে ৩-১ গোলে। ওই ম্যাচেই অসদাচরণের অভিযোগ উঠেছে তপুর বিরুদ্ধে। ইনজুরি সময় নিয়ে রেফারির সঙ্গে তর্ক করেছিলেন তিনি। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে  এএফসির ডিসিপ্লিনারি কমিটি চিঠি দিয়ে সতর্ক করেছে তপুকে।

শনিবার এএফসির এই চিঠি পেয়েছে সাইফ স্পোর্টিং। দলটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মালদ্বীপে রেফারির সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তপুর। আন্তর্জাতিক ম্যাচে রেফারির সঙ্গে তর্ক-বিতর্ক গ্রহণযোগ্য নয়। এএফসি এবার শুধু সতর্ক করেছে, আগামীতে খারাপ আচরণ করলে তপু সাসপেন্ডও হতে পারে। আমাদের খেলোয়াড়দের আচরণ আরও সংযত হওয়া দরকার।’

এ মৌসুমে তপুকে নিয়ে ভালোই ভুগতে হয়েছে সাইফ স্পোর্টিংকে। এবার দুটি লালকার্ড দেখে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন তিনি।