এ বছরও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। সব প্রতিযোগিতায় ৩৩ ম্যাচ খেলে করেছেন ২৭ গোল। গোলরক্ষকরা যে এবারও কতটা অসহায়, এ সংখ্যা তার প্রমাণ। অনুশীলনে মেসির সামনে গোলপোস্টের নিচে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে টের স্টেগেন বলেছেন, ‘সে খুব বুদ্ধিমান এবং জানে ঠিক কোথায় বল রাখতে হবে।’
স্পোর্তকে জার্মান গোলরক্ষক আরও বলেছেন, ‘মাঝেমধ্যে সাংবাদিকরা বলেন, মেসির বিপক্ষে খেলার সময় গোলরক্ষকরা আরও বেশি কিছু করতে পারে। কিন্তু আমি প্রত্যেক অনুশীলনে দেখি: আপনি কোথায় থাকছেন সেটা ব্যাপার নয়, সে অন্য দিকে শট নেবে।’
মেসির একাগ্রতা সম্পর্কে জানালেন টের স্টেগেন, ‘সে চটপটে। অন্য অনেক খেলোয়াড়রা কেবল শট নেওয়ার জন্য শট করে, কিন্তু সে তা করে না। বিশেষ কোনও উপায়ে হিসাব করে সে। কখনও সে খুব আস্তে করে শট নেয়, মনে হয় খুব সহজ হবে থামানো। কিন্তু তেমনটা হয় না।’
রবিবার কাতালান ডার্বিতে এস্পানিওলের মুখোমুখি হওয়ার আগে লা লিগায় ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে বার্সেলোনা। তাছাড়া ৮ ফেব্রুয়ারি কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা খেলবে একই দলের বিপক্ষে। চেলসির বিপক্ষে সপ্তাহখানেক পর হবে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াই। দারুণ প্রাপ্তির বছর হতে পারে এটা। টের স্টেগেনের বিশ্বাস, ২০১৫ সালের মতো এবারও ট্রেবল জিতবে বার্সেলোনা। গোল ডটকম