ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর পর্তুগিজ তারকা পূর্ণ করেছেন হ্যাটট্রিক। পিএসজির বিপক্ষে নামার আগে দলের প্রাণভোমরার দুর্দান্ত ফর্মে ফেরা আত্মবিশ্বাসী করে তুলছে রিয়ালকে।
জিদানে বলেছেন, ‘আমরা শুরু থেকে যেমনটা চেয়েছিলাম তার সবকিছু ছিল ইতিবাচক। প্রথম মিনিটে গোল করলে কাজ সহজ হয়ে যায়। প্রথমার্ধটা ছিল উজ্জীবিত ও দৃঢ়। আমরা এই তিন পয়েন্টে সন্তুষ্ট। বুধবারের খেলার প্রস্তুতির জন্য এটা ছিল ভালো উপায়।’
রোনালদো কঠিন সময় কাটিয়ে উঠেছেন বিশ্বাস জিদানের। প্রথম ১৪ লা লিগায় মাত্র ৪ গোল করেছিলেন পঞ্চম ব্যালন ডি’অর জয়ী। সেখানে শেষ চার ম্যাচেই করেছেন ৭ গোল। তিনি ফর্মে ফেরায় খুশি রিয়াল কোচ, ‘রোনালদোর গোল দেখে আমরা খুশি। গতকাল (শুক্রবার) আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে গোল না করায় আমরা দুশ্চিন্তায় আছি কিনা। আজ সে তিন গোল করলো।’
রিয়ালের এবারের রক্ষণ কিছুটা দুর্বল। টানা ৫ ম্যাচ ধরে তারা তাদের গোলমুখ সামলাতে পারেনি। জিদানে এনিয়ে সতর্ক। বুধবারের প্রথম লেগে পিএসজিকে অ্যাওয়ে গোলের সুবিধা দিতে চান না ফরাসি কোচ, ‘আমরা জানি বুধবারের লড়াই নকআউটের, অ্যাওয়ে গোল খেলে পিছিয়ে পড়বো। আমাদের অবশ্যই এনিয়ে কাজ করতে হবে।’ ইএসপিএনএফসি