অনেক কাঠখড় পুড়িয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে হোর্হে সাম্পাওলির দল। বাছাইয়ের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে হারিয়ে মূল পর্বে উঠেছে গতবারের রানার্সআপরা। এরই মধ্যে রাশিয়াতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় মেসিহীন দল। ম্যারাডোনার মতে- দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে মেসিকে ছাড়া প্রতিপক্ষের কাছে একেবারে সাদামাটা দল, শেষ ম্যাচের ফল তারই প্রমাণ।
দিয়ারিও পপুলারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়কের মূল্যায়ন, ‘ব্যতিক্রম কেবল মেসি; আর্জেন্টিনা বিশ্বের কাছে সম্মান হারিয়েছে। আমাকে যেটা বিব্রত করে, এখন আর্জেন্টিনার জন্য সমীহ আদায় করা খুব কঠিন। কেউ আমাদের ভয় করে না।’ নাইজেরিয়ার বিপক্ষে হারের কথা স্মরণ করালেন ম্যারাডোনা, ‘নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে আমরা প্রায় ৮ গোল খেতে বসেছিলাম।’
ম্যারাডোনা মনে করেন, ফরোয়ার্ড বাছাইয়ে ভুল করছেন সাম্পাওলি এবং সেটা কোচ হিসেবে তার জন্য বড় ব্যর্থতা। আর্জেন্টিনার সাবেক কোচ বলেছেন, ‘বিশ্বকাপের জন্য মাউরো ইকার্দির ওপর নির্ভর করা অস্বস্তিকর, হিগুয়েইন তার চেয়ে ১০ গুণ ভালো। এটাই স্পষ্ট যে ছেলেটা (সাম্পাওলি) কিছু জানে না, বন্ধুর বাড়িতে গিয়ে কী খাবে সেটাই কেবল জানে সে। ৯ নম্বর খুঁজতে আমাদের প্রাণ যায় যায় অবস্থা, অথচ কার্লোস তেভেজের দারুণ সামর্থ্য আছে।’
আর্জেন্টিনা শ্রদ্ধা ফিরে পাওয়ার লড়াইয়ে পরের ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে। আগামী ২৭ মার্চ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মেসিরা।