কঠিন পথ পাড়ি দিতে হবে: ভালভারদে

15183745509410এস্পানিওল ও গেতাফের বিপক্ষে লা লিগায় টানা দুটি ড্র করেছে বার্সেলোনা। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে এখন তাদের ব্যবধান ৭ পয়েন্টের। শিরোপা পুনরুদ্ধারের লড়াই তাই কঠিন হয়ে গেলো বার্সেলোনার জন্য। কোচ এরনেস্তো ভালভারদের মতে, এ কঠিন পথ পাড়ি দিতে হলে আরও পরিশ্রম করতে হবে তাদের।

গত কয়েক সপ্তাহ দারুণ ছন্দে থাকা বার্সেলোনা আগের সপ্তাহে পিছিয়ে পড়ার পর এস্পানিওলের মাঠে ১-১ গোলে ড্র করেছিল। শেষ ম্যাচে রবিবার তারা করে গোলশূন্য ড্র। আক্রমণভাগের খেলোয়াড়দের এমন ভোগান্তি ভাবাচ্ছে কোচকে। তবে এমন সময় আসা অস্বাভাবিক নয় মনে করছেন ভালভারদে।

পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বার্সেলোনা কোচ, ‘এই লিগ কখনও সহজ নয়। আমাদের অনেক খাটতে হবে। তিন পয়েন্ট যোগ করতে পারলে ভালো হতো। আমাদের এ মাসটা খুব ব্যস্ত যাবে। প্রত্যেকটি ম্যাচ আপনি জিতবেন এটা যৌক্তিক নয়। খারাপ পরিস্থিতি মাঝেমধ্যে আসে।’

বার্সেলোনার বাজে পারফরম্যান্সের পাশাপাশি ভালভারদে প্রশংসা করলেন গেতাফের। তিনি বলেছেন, ‘গেতাফে এমন একটা দল যারা আপনাকে স্বাচ্ছন্দ্যে রাখবে না। তারা বারবার আপনাকে পেছনে ফেলতে চাইবে। দ্বিতীয়ার্ধে আমরা সব উপায়ে গোলের চেষ্টা করেছি, কিন্তু হয়নি।’ গোল ডটকম