বার্সায় মেসিকে কম খেলতে আর্জেন্টিনার পরামর্শ

15185126683725১৪ জুন শুরু হবে বিশ্বকাপ, আর স্পেনের ঘরোয়া ফুটবল শেষ হবে ২০ মে। ব্যবধান এক মাসেরও কম। তাই বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজ- ব্যস্ত সূচিতে ক্লান্তি যেন চেপে না বসে লিওনেল মেসির ওপর। এজন্য বার্সেলোনায় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কম করে খেলতে বলেছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

লা লিগায় এবার দুর্দান্ত ফর্মে আছেন মেসি। দলকে শীর্ষে রাখতে দারুণ ভূমিকা রাখছেন তিনি। কিন্তু দেশে তাকে নিয়ে শঙ্কায় ভুগছে ফেডারেশন কর্মকর্তারা। তাপিয়া বলেছেন, ‘আমি আশা করি এই মুহূর্তের মতো একই ফর্মে থাকবে খেলোয়াড়রা। সের্হিয়ো আগুয়েরো চমৎকার খেলছে এবং সবসময় শক্তিশালী লিওনেল মেসি।’

এমন ফর্মে থাকার সমাধান দিয়ে মেসিকে বার্তাও পাঠিয়েছেন এএফএ প্রধান, ‘তাদের ফর্মে থাকাটা কোচ ও ডিরেক্টরদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মেসির সঙ্গে কথা বলেছি, যেন সে বার্সেলোনায় সতর্ক থাকে ও কম খেলে।’

তাপিয়া আরও জানান, আগামী ৪ জুন বার্সেলোনায় কাতালুনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। এনিয়ে আলোচনা চলছে, ‘হোর্হে সাম্পাওলি বলেছেন, এটা আমাদের ও ফুটবলের জন্য ভালো একটা পরিকল্পনা। আর্থিকভাবেও গুরুত্বপূর্ণ।’ মার্কা