২০ ফেব্রুয়ারির লড়াই নিয়ে বেশ উত্তেজিত স্প্যানিশ ডিফেন্ডার। দলের চলতি ফর্ম কাজে লাগিয়ে চেলসির মাঠ থেকে কোয়ার্টার ফাইনালের পথ তৈরি করে আসতে চান পিকে। নিজেকে সেজন্য প্রস্তুতও করছেন তিনি। লা লিগায় সবশেষ গেতাফের বিপক্ষে বার্সেলোনার গোলশূন্য ড্র করা ম্যাচের একাদশের বাইরে ছিলেন তিনি চোটের কারণে। তবে পুরোপুরি ফিট হয়ে অপেক্ষায় আছেন এইবারের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচে নামার।
মঙ্গলবার ও বুধবার চ্যাম্পিয়নস লিগের সূচিতে খেলা ছিল না বার্সেলোনার। এই সময়ে নিজেদের আরও গুছিয়ে নিয়েছে তারা। এরই এক ফাঁকে বার্সেলোনার সঙ্গে ‘বেকো’র স্পন্সরশিপ চুক্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পিকে। সেখানেই চ্যাম্পিয়নস লিগ নিয়ে কথা বলেছেন তিনি, ‘প্রত্যাশা অনেক বেশি। বার্সেলোনার হয়ে খেললে আপনি যেকোনও ম্যাচ জিততে সবসময় ফেভারিট, আর আপনাকে এই সুযোগটাই নিতে হবে।’
তবে দলকে সতর্কও করেছেন পিকে। শেষ ষোলোর প্রথম লেগ খেলতে হবে চেলসির মাঠে, গত মৌসুমে অ্যাওয়ে ম্যাচে খুব বাজে সময় কাটাতে হয়েছিল বার্সেলোনাকে। শেষ ষোলোয় প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠ থেকে হেরে আসার পর কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসে গিয়েও ফিরতে হয়েছিল হার নিয়ে। পিকের সতর্কবার্তা, ‘এই মুহূর্তে পরিবেশটা বেশ ইতিবাচক, স্কোয়াডের সবকিছু ভালো চলছে। তবে আমাদের অবশ্যই সতর্ক হওয়ার সঙ্গে আগের মৌসুম থেকে শিক্ষা নিতে হবে।’
আর এই শিক্ষা কাজে লাগিয়ে চেলসির মাঠ থেকে জিতে ফেরার আশা স্প্যানিশ ডিফেন্ডারের, ‘আমাদের ওখানে (স্টামফোর্ড ব্রিজ) গিয়ে জেতার চেষ্টা করতে হবে, যাতে এই লড়াইয়ে এগিয়ে যাওয়া যায়।’ মার্কা