ছিটকে গেলেন মার্সেলো

মার্সেলোরিয়াল মাদ্রিদের জন্য আরেকটি দুঃসংবাদ। ইনজুরিতে এবার ছিটকে গেছেন মার্সেলো। রিয়াল বেতিসের বিপক্ষে ৫-৩ গোলে জেতার ম্যাচে ঊরুতে চোট পেয়েছেন এই লেফটব্যাক। যাতে মার্সেলোকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে বলে খবর স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র।

সামনে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ। ঘরের মাঠের প্রথম লেগ ৩-১ গোলে জিতলেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠে। পার্ক দে প্রিন্সেসের ম্যাচের আগে প্রথম ধাক্কা খায় মাদ্রিদের ক্লাবটি টোনি ক্রোসের চোটে, এবার ছিটকে গেলেন মার্সেলোও।

বেতিসের মাঠে ২৮তম মিনিটে বল আটকাতে গিয়ে ডান পায়ে ব্যথা অনুভব করেন মার্সেলো। ফিজিও’রা মাঠে গিয়েই খেলোয়াড় বদলানোর ইঙ্গিত দেন। ৩০তম মিনিটেই তাই মাঠ ছাড়তে হয় তাকে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয় ঠিক কতদিন মাঠের বাইরে কাটাতে হবে ব্রাজিলিয়ান লেফটব্যাককে। ক্লাবের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো বলেছেন, ‘ডাক্তার কী বলেন, আমাদের সেই অপেক্ষায় থাকতে হচ্ছে। সত্যি আমাদের জন্য বাজে খবর। ৪৮ ঘণ্টার মধ্যে আমরা জানতে পারব চোটের আসল অবস্থা।’

যদিও মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র দাবি, চোট কাটিয়ে ফিরতে ১৫ দিন সময় লাগবে মার্সেলোর। তাই ৬ মার্চ চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে তাকে পেতে কোনও অসুবিধা থাকার কথা নয় রিয়ালের। মার্কা, গোল ডটকম