উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত স্টুয়ার্ট হল এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইফের সঙ্গে। নতুন কোচ কাজ শুরু করবেন ১৫ এপ্রিল। শুধু মূল দল নয়, যুব দল নিয়েও কাজ করবেন তিনি। প্রায় ৪০ জন কোচের বায়োডাটা থেকে স্টুয়ার্ট হলকে পছন্দ করেছেন সাইফ স্পোর্টিংয়ের কর্মকর্তারা।
রবিবার বাংলা ট্রিবিউনকে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী বলেছেন,‘আগামী মৌসুমের জন্য আমরা একজন হাই প্রোফাইল কোচ খুঁজছিলাম। ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হলের বায়োডাটা দেখে আমাদের পছন্দ হয়েছে। তার হাতেই থাকবে দলের দায়িত্ব।’
স্টুয়ার্ট হলের দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের পুনে এফসির কোচ ছিলেন তিনি। আফ্রিকায় কেটেছে দীর্ঘদিন। কেনিয়া, তানজানিয়া ও জানজিবারের বেশ কয়েকটি ক্লাব ও বয়সভিত্তিক দলের কোচের দায়িত্বে ছিলেন। ক্যারিবীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডিন্সের প্রধান কোচও ছিলেন কিছুদিন।