লা লিগায় ৩৬টি ভিন্ন দলের বিপক্ষে গোল করে নতুন লিগ রেকর্ড গড়লেন মেসি। প্রথমার্ধের ৩০ মিনিটে গোল করে অ্যাথলেটিক বিলবাও স্ট্রাইকার অ্যারিৎস আদুরিসকে ছাড়িয়ে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
লা লিগায় এখন পর্যন্ত মুখোমুখি হয়ে তিনটি ক্লাব ছাড়া সব প্রতিপক্ষের জালেই বল পাঠালেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল পাননি কেবল কাদিস (এখন দ্বিতীয় বিভাগে), রিয়াল মুর্সিয়া (এখন তৃতীয় বিভাগে) ও জেরেজের (এখন চতুর্থ বিভাগে) বিপক্ষে।
গোল করার আগে বার্সেলোনাকে সমতায় ফেরাতে সুয়ারেসকে দিয়ে গোল করান মেসি। লা লিগায় এটি ছিল তার ক্যারিয়ারের ১৪৮তম অ্যাসিস্ট। লিগ টুইটে জানায়, মেসির ওই অ্যাসিস্ট ছিল লা লিগায় সর্বকালের শীর্ষ রেকর্ড। যদিও এটা নিশ্চিত করার মতো পর্যাপ্ত তথ্য উপাত্ত পাওয়া যায়নি। কিন্তু গত সপ্তাহে স্প্যানিশ মিডিয়া স্পোর্ত জানায়, ক্যারিয়ারের ১৪৭তম অ্যাসিস্ট করে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় মিচেলের সঙ্গে যৌথভাবে শীর্ষে মেসি।
মেসি আরেকটি গোল করেছেন ফ্রিকিক থেকে রক্ষণ দেয়ালের নিচ দিয়ে। এতে করে এই মৌসুমে গোল করায় ও করানো মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবার উপরে পৌঁছান তিনি। লা লিগায় ২২ গোল করে, আর ১২টি অ্যাসিস্টে সবার উপরে তিনি।
এই জয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে টানা অজেয় থাকার ক্লাব রেকর্ড ভেঙেছে বার্সা। এই নিয়ে টানা ৩২ লিগ ম্যাচের একটিও হারেনি তারা। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার বার্সা ৩১ ম্যাচ অজেয় ছিল।
এই মৌসুমে এরনেস্তো ভালভারদের অধীনে ২৫ ম্যাচ অপরাজিত তারা, তার আগে ৭ ম্যাচ অজেয় থেকে গত মৌসুমের লিগ শেষ করেছিল লুই এনরিকের বার্সা। অবশ্য লা লিগায় সবচেয়ে বেশি টানা অজেয় থাকার রেকর্ড রিয়াল সোসিয়েদাদের। ১৯৭৯-৮০ সালে টানা ৩৮ ম্যাচ অদম্য ছিল তারা।
শুধু মেসি নয়, সুয়ারেসের জন্য ছিল দারুণ একটা দিন। ২০১৬ সালের আগস্টের পর প্রথম হ্যাটট্রিক পেলেন উরুগুয়ান স্ট্রাইকার, দুটি অ্যাসিস্ট ছিল তার।
মেসি ও সুয়ারেস একমাত্র সতীর্থ যারা প্রত্যেকে এই মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২০ বা তার বেশি গোল করেছেন। ইএসপিএনএফসি