রিয়ালের বিপক্ষে নেইমারকে চান জিদান

নেইমারপ্রতিপক্ষের সেরা খেলোয়াড় খেলতে না পারলে খুশিই হওয়ার কথা অন্য দলের কোচের। তবে জিনেদিন জিদান সেই দলের নয়। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে নেইমারকে মাঠে চাইছেন রিয়াল মাদ্রিদ কোচ।

অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ফরাসি লিগ ওয়ান ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন নেইমার। ব্যথায় কাতরানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। তাতে প্যারিসের আকাশে সংশয়ের কালো মেঘ জন্মেছে তার চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলা নিয়ে। রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের বাকি আর মাত্র আট দিন। এই সময়ের মধ্যে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে পাওয়া যাবে কিনা, এটা এখন বড় প্রশ্ন।

তবে রিয়াল কোচ জিদানের চাওয়া, নেইমার যেন থাকেন পার্ক দে প্রিন্সেসের ফিরতি লেগে। ৩-১ গোলে প্রথম লেগ জেতায় সুবিধাজনক জায়গায় থেকে দ্বিতীয় লেগে নামার অপেক্ষায় থাকা ফরাসি কিংবদন্তি সুস্থতা কামনা করেছেন নেইমারের। এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি মনে করি না ম্যাচে কোনও প্রভাব পড়বে। তবে আশা করছি সে (নেইমার) খেলতে পারবে, আমি কখনোই চাই না আমার প্রতিপক্ষ দলের কোনও খেলোয়াড় ইনজুরিতে থাকুক।’

মৌসুমের ঠিক সময়ে আবার ছন্দে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পিএসজির বিপক্ষে জোড়া লক্ষ্যভেদের পর লিগে আলাভেসের বিপক্ষেও পেয়েছেন ২ গোল। দলের সেরা অস্ত্রের প্রশংসাও ঝরল জিদানের মুখে, ‘ও নিজেকে খুব ভালো করে চেনে। আর আমরা সবসময়ই বলি ক্রিস্তিয়ানোর তার সেরা ফর্মে থাকাটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’ মার্কা