‘চ্যাম্পিয়নস লিগ জিততেই নেইমার পিএসজিতে’

নেইমারবার্সেলোনা ছাড়ার পর থেকে নেইমারের রিয়াল মাদ্রিদের যাওয়ার গুঞ্জন। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার কোনও কারণ দেখছেন না কাফু। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে, তার স্বদেশি চ্যাম্পিয়নস লিগ জিততেই এসেছেন পিএসজিতে।

ঘরোয়া লিগটা একরকম নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছিল পিএসজি। গত মৌসুমে দ্বিতীয় হলেও ২০১৩ সাল থেকে জিতেছে টানা চার শিরোপা। ফ্রান্সে দাপট দেখালেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখনও ‘পেছনের বেঞ্চের’ ছাত্র হয়েই আছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে সাফল্যের লক্ষ্যে গত গ্রীষ্মের দলবদলে নেইমার ও কাইলিয়ান এমবাপের মতো তারকাদের দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি।

কিন্তু ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নেওয়ার পরপরই ওঠে তার দলবদলের গুঞ্জন। রিয়াল মাদ্রিদ নাকি নতুন করে আগ্রহ দেখাচ্ছে সাবেক বার্সেলোনা তারকার জন্য। সামনের গ্রীষ্মের দলবদলেই সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যেতে পারে ২৬ বছর বয়সী তারকাকে। নেইমারের কি যাওয়া উচিত, লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে এমন প্রশ্ন করা হয়েছিল কাফুকে। সাবেক এসি মিলান রাইট-ব্যাক বলেছেন, ‘ওটা নেইমারের সিদ্ধান্ত। নেইমারের ব্যাপারে আমি কোনও সিদ্ধান্ত নিতে পারি না, কিংবা এই ধরনের পরিস্থিতিতে কোনও পরামর্শও দিতে পারি না।’

সংবাদমাধ্যমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দলবদলের গুঞ্জন উঠলেও সেটা কতটা সত্য, তাতে সন্দেহ আছে কাফুর, কারণ, ‘নেইমার মাত্র বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছে পিএসজিতে। ও খুব ভালো করেই জানে বিশ্ব ফুটবলে কতটা গুরুত্ব তার।’ সঙ্গে যোগ করলেন, ‘একমাত্র নেইমারই জানে পরিস্থিতিটা আসলে কী। আমরা শুধু গুঞ্জনটা শুনছি পত্রিকা পড়ার মাধ্যমে।’

যে দলে যাওয়ার ‍গুঞ্জন বিশ্ব মিডিয়ায়, সেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দেখা হয়ে গেছে নেইমারের। শেষ ষোলোর প্রথম লেগে তার দল অবশ্য ৩-১ গোলে হেরে এসেছে সান্তিয়াগো বার্নাব্যু থেকে। তাতে চ্যাম্পিয়নস লিগের আশাটা একটু হলেও ফ্যাকাশে হয়ে গেছে ফরাসি ক্লাবটির।

যদিও নেইমারের প্রতি পুরো বিশ্বাস আছে কাফুর। ইউরোপিয়ান ফুটবলে পিএসজিকে সাফল্য এনে দিতেই সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড নাম লিখিয়েছেন বলে মনে করেন তিনি, ‘নেইমার সেটাই করছে, যেটা তার লক্ষ্য- চ্যাম্পিয়নস লিগ জয়। কারণ পিএসজি কখনও এই সুযোগটা পায়নি। নেইমারকে সঙ্গে নিয়ে তারা এটা করতে পারবে।’ গোল ডটকম