ম্যারাডোনা নাপোলির মতো ভঙ্গুর দলকে দুইবার এনে দিয়েছিলেন সিরি ‘এ’ শিরোপা; শুধু তা-ই নয়, ১৯৮৬ সালে বলতে গেলে একাই বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে শিরোপাহীন থাকলেও ক্লাব ফুটবলে সাফল্যের বৃষ্টিতে ভিজে চলেছেন মেসি।
দুজন দুই সময়ের খেলোয়াড়, তবু তাদের তুলনায় দাঁড় করিয়ে ফুটবল বিশ্বে একই প্রশ্ন, কে সেরা- ম্যারাডোনা নাকি মেসি? প্রশ্নটা যেমন এসে পড়েছিল টটেনহামের আর্জেন্টাইন কোচ পোচেত্তিনোর সামনে। ইতালিয়ান রেডিও ‘সিআরসি’কে দেওয়া সাক্ষাৎকারে এই কোচ বলেছেন, ‘মেসি? আমার কাছে ম্যারাডোনা আগে।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে টটেনহামের প্রতিপক্ষ জুভেন্টাস। ইতালির প্রথম লেগ ২-২ গোলে ড্র করার পর ঘরের মাঠের ফিরতি লেগের জন্য প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে ড্র করে আসায় ওয়েম্বলির ফিরতি লেগে সুবিধাজনক জায়গায় স্পার্স। যদিও ফেভারিটের কিছু দেখছেন না পোচেত্তিনো, ‘অসাধারণ সব খেলোয়াড় নিয়ে দুর্দান্ত দল জুভেন্টাস। এই লড়াইটা উন্মুক্ত। প্রথম লেগের ফল দারুণ হলেও ফেভারিট বলে কিছু নেই।’ মার্কা