বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা সুযোগ পেলেও গোল করতে পারিনি। আর ওরা সুযোগ পেয়ে গোল করেছে। এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের সানডে একাধিক সুযোগ নষ্ট করেছে। ও গোল করতে পারলে ম্যাচের চেহারাই পাল্টে যেতো, আমাদের হার নিয়ে মাঠ ছাড়তে হতো না।’
ম্যাচের ৬৫ মিনিটে সানডের লালকার্ডকেও হারের জন্য দায়ী করলেন টিটু, ‘এক গোলে পিছিয়ে থেকে আমাদের তো সমতা ফেরানোর জন্য মরিয়া হওয়ার কথা ছিল। অথচ লাল কার্ড দেখলো সানডে। তখনই আমাদের হার নিশ্চিত হয়ে যায়। আন্তর্জাতিক ম্যাচে কী করতে হবে তা সব খেলোয়াড়ের জানা উচিত। যাহোক, সামনে আরও ম্যাচ আছে। আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি, দেখা যাক কী হয়!’
নিউ রেডিয়েন্টের কোচ অস্কার ব্রুসান ঢাকার মাঠে তিন পয়েন্ট পেয়ে উচ্ছ্বসিত, ‘তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে বলে আমি খুব খুশি। ফুটবল তো ক্যাসিনো নয়। ভাগ্য নয়, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। পরিশ্রম করেই আমরা ম্যাচ জিতেছি।’