রিয়ালের মাঠে মেসির অনুশীলন

অনুশীলনে মেসিইতালির বিপক্ষে ম্যানচেস্টারে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির কয়েক ঘণ্টা আগে জানানো হলো খেলবেন না লিওনেল মেসি। ম্যাচ শেষে কারণটা খোলাসা হলো। হ্যামস্ট্রিংয়ের মাংসপেশীর অস্বস্তি খেলতে দেয়নি তাকে। মঙ্গলবার স্পেনের বিপক্ষেও কিছুটা শঙ্কায় তিনি। তবে রবিবার রিয়াল মাদ্রিদের ভালদেবেবাস চত্বরে তার অনুশীলন দিলো ফেরার ইঙ্গিত।

আর্জেন্টিনার জার্সিতে গত ৬ ম্যাচে ৮ গোল করা মেসিকে দলে দেখতে না পেয়ে হতাশ হয়েছিল ম্যানচেস্টারে উপস্থিত দর্শকরা। অবশ্য দলে তার না থাকার প্রভাব পড়েনি। ২-০ গোলে ইতালিকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে গতবারের ফাইনালিস্টরা। ম্যাচের পর কোচ হোর্হে সাম্পাওলি জানান, মেসিকে নিয়ে তারা কোনও ঝুঁকি নিতে চাননি।

প্রথম প্রীতি ম্যাচ শেষে মেসি স্পেনের বিপক্ষে খেলার আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি কিছু সময়ের জন্য হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলাম। আমি সবসময় খেলতে চাই। কিন্তু বিশ্বকাপ হতে এখনও অনেক পথ বাকি। বিশ্রামের জন্য আমরা এই ম্যাচের (ইতালির বিপক্ষে) অপেক্ষায় ছিলাম। আশাবাদী আমি স্পেনের বিপক্ষে খেলব।’

শনিবার আর্জেন্টিনার প্রথম অনুশীলন সেশনে মেসিকে দেখা না যায়নি। এতে স্পেনের বিপক্ষে তাকে না দেখার গুঞ্জন ওঠে। পরদিন অনুশীলন মাঠে হালকা ঘাম ঝরিয়ে সেই গুঞ্জনকে কিছুটা সময়ের জন্য মাটিচাপা দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। জাগালেন ওয়ান্দা মেট্রোপলিটনে লা রোজাদের বিপক্ষে খেলার সম্ভাবনা। মার্কা