বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬৪ হাজার ৬৮৮টি স্কুলের ১০ লাখ ৯৯ হাজার ৬৯৬ জন ছাত্র অংশ নিয়েছে। আর বঙ্গমাতা গোল্ডকাপে ছিল ১০ লাখ ৯৯ হাজার ৬১১ জন ছাত্রীর অংশগ্রহণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশা, এত জনের অংশগ্রহণের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে এই দুটি টুর্নামেন্টের।
মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান বলেছেন, ‘আমরা গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি, আগামী বছর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের নাম গিনেস বুকে উঠবে।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘দেশের ইতিহাসে এটা একটা মাইলফলক। আয়োজকদের সেজন্য প্রশংসা করতেই হবে।’
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হবে কক্সবাজার পেকুয়ার পূর্ব উজানটিয়া স্কুল ও পাবনা সাঁথিয়ার ভুলবাড়িয়া স্কুল। আর বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের পঁচারুখী সরকারি স্কুলের প্রতিপক্ষ ঝিনাইদহের শৈলকুপা দোহারো সরকারি স্কুল।