‘মেসি না থাকলে কী হয়, আর্জেন্টিনা দেখলো’

কিছুই করার ছিল না মেসির, নীরব দর্শক হয়ে থাকলেন আর্জেন্টিনার ভরাডুবির ম্যাচেআর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সেরাটা দেখা যায় না- এই অপবাদ এখনও তাড়িয়ে বেড়ায় বার্সেলোনা ফরোয়ার্ডকে। দেশের মানুষের কাছে এখনও সমালোচিত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু মেসি না থাকলে কী হয়, স্পেনের বিপক্ষে ৬-১ গোলের হারের ছবির দিকে আর্জেন্টাইনদের তাকাতে বলেছেন স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কোস্তা।

বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জন্য। যদিও মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানোর ম্যাচে মেসি খেলতে পারেননি চোটের কারণে। দলের সেরা খেলোয়াড়কের ছাড়া অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আলবিসেলেস্তেদের। ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে খেয়েছে বড় ধাক্কা। কোস্তা, থিয়াগো আলকান্তারা, ইয়াগো আসপাসের লক্ষ্যভেদের সঙ্গে হ্যাটট্রিক করেছেন ইসকো।

দেশের মানুষের কাছে বরাবরই সমালোচনার শিকার মেসি। আর্জেন্টিনারকে টানা তিনবার ফাইনালে তুলেও তা থেকে মুক্তি পাননি ‘এলএমটেন’। এমনকি ইকুয়েডরের বিপক্ষে জাদুকরী হ্যাটট্রিকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পরও লাতিন দেশটির মানুষ গুঁড়িয়ে দেয় বার্সেলোনা ফরোয়ার্ডের মূর্তি।

আর্জেন্টাইনদের এমন আচরণে কিছুটা ক্ষুব্ধ কোস্তা। মেসি ছাড়া আর্জেন্টিনার অবস্থা কেমন, সেটাই সমালোচকদের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার, ‘সবদিক থেকে আপনি ম্যাচটি বিশ্লেষণ করতে পারেন। আর্জেন্টাইনরা খুব সমালোচনা করে মেসির, কিন্তু আপনি তাদের (এই ম্যাচের পর) বলতেই পারেন মেসি না থাকলে তারা (আর্জেন্টিনা) অন্যরকম দল।’ সঙ্গে যোগ করেছেন, ‘মেসির মতো খেলোয়াড়কে কখনোই সমালোচনা করা উচিত না। ঈশ্বরকে তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে মেসির তাদের সঙ্গে আছে।’

মেসির পারফরম্যান্স যাই হোক না কেন, সবসময় ভালো ব্যবহার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক চেলসি স্ট্রাইকার, ‘মেসির সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, সেটা এমনকি সে জাতীয় দলে খারাপ খেললেও। ও মাঠে থাকলে সবকিছু পাল্টে যায়।’ গোল ডটকম