চোটের কারণে স্পেনের বিপক্ষেও খেলতে পারেননি লিওনেল মেসি। দলের সেরা অস্ত্রকে ছাড়া বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলবিসেলেস্তেদের। স্প্যানিশ ফুটবল ঝড়ে উড়ে গেছে তারা ৬-১ গোলে। বিশ্বকাপের আগে এমন ভরাডুবিতে স্বাভাবিকভাবেই কথা উঠেছে আর্জেন্টিনাকে নিয়ে। এই দল রাশিয়ার প্রতিযোগিতায় কতদূর যেতে পারবে, সেই হিসাবও মেলাচ্ছেন কেউ কেউ।
ম্যারাডোনা অবশ্য পাশেই আছেন মেসিদের। স্পেনের বিপক্ষে বড় ব্যবধানে হারের পরও সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠিয়েছেন তিনি আলবিসেলেস্তেদের উদ্দেশ্যে। মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানোর ম্যাচের ভরাডুবির আগে দলের একসঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছেন ম্যারাডোনা। সঙ্গে খেলোয়াড়দের সমর্থন জানিয়ে লিখেছেন, ‘এই মুহূর্তে বাকি থাকা সব জায়গায় উন্নতি করতে হবে। যথারীতি এগিয়ে যাও আর্জেন্টিনা।’