মালয়েশিয়ার বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে শুরু থেকে আক্রমণাত্মক খেলার সুফল পেয়েছে বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটন মেয়েদের পারফরম্যান্সে তৃপ্ত। হংকং থেকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের একাধিক হ্যাটট্রিক হতে পারতো, কিন্তু গোল মিসের কারণে হয়নি। তবে মেয়েরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। টেকনিক্যালি আর ট্যাকটিকালি আমরা এগিয়ে ছিলাম ওদের চেয়ে। তাই ওরা আমাদের বিপক্ষে তেমন কিছু করতে পারেনি।’
দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার একমাত্র গোল নিয়ে কোচের অভিমত, ‘সাত গোলে এগিয়ে যাওয়ার পর খেলোয়াড়দের মধ্যে কিছুটা ঢিলেমি চলে আসে। সেই সুযোগে ওরা গোল করেছে। তবে এরপর আমরা আরও তিনটি গোল দিয়েছি।’
হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ইরানকে হারানোর লক্ষ্যের কথা জানিয়ে ছোটনের মন্তব্য, ‘ইরানের খেলা দেখেছি, ওদের মেয়েরাও আমাদের চেয়ে শারীরিক গঠনে এগিয়ে। তবে আমরা প্রথম ম্যাচের মতো খেলতে পারলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। আশা করছি, মেয়েরা আবার জয় এনে দিতে পারবে।’