শনিবার তহুরা খাতুন ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ইরানকে গোল বন্যায় ভাসিয়ে দলের সবাই এখন নির্ভার। শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত, কারণ গোল গড়ে হংকংয়ের (+২) চেয়ে বাংলাদেশ (+১৬) অনেক এগিয়ে। কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য জিতেই শিরোপা উৎসবে মেতে উঠতে চান, ‘আমরা বেশ স্বাচ্ছন্দ্যে দুটি ম্যাচ জিতেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স খুবই ভালো। আশা করি, তৃতীয় আর শেষ ম্যাচও সহজে জিততে পারবো। শিরোপা জয়ই আমাদের লক্ষ্য।’
প্রতিপক্ষ হংকংকে নিয়ে অবশ্য তার কণ্ঠে যথেষ্ট সমীহ, ‘স্বাগতিক দল হিসেবে হংকং ভালোই খেলছে। ওদের দলে একাধিক কুশলী খেলোয়াড় আছে। তবে আমরা প্রথম দুই ম্যাচের মতো দ্রুত লয়ে খেলতে পারলে জয় আসবেই।’
অধিনায়ক মারিয়া মান্ডাও শিরোপা জিততে আত্মবিশ্বাসী, ‘আমরা দুটি ম্যাচ জিতেছি, এখন শেষ ম্যাচও জিততে চাই। হংকংকে হারাতে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করবো।’
ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করা ফরোয়ার্ড তহুরা খাতুনের কথা, ‘আমি দুই ম্যাচেই গোল পেয়েছি, হ্যাটট্রিকও করেছি। হংকংয়ের বিপক্ষেও গোল করতে চাই। আমাদের লক্ষ্য ট্রফি জয়।’