বর্ষীয়ান কোচ ওয়াজেদ গাজীর পাশে মারুফুলরা

ওয়াজেদের হাতে টাকা তুলে দিচ্ছেন মারুফুলরাদীর্ঘদিন ধরে অসুস্থ বর্ষীয়ান কোচ ওয়াজেদ গাজী। অসুস্থতার কারণে বাধ্য হয়েই ফুটবল থেকে দূরে থাকতে হয়েছে। যশোরে তার ঠিকানা। কিন্তু সেখানে আছেন বেশ কষ্টে। আর্থিক অভাব-অনটনেই তার জীর্ণ দশা। শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো এখন চলাফেরা করাই দায় হয়ে উঠেছে তার। ঠিক এই সময় উয়েফা ‘এ’ লাইসেন্স প্রাপ্ত কোচ মারুফুল হকের উদ্যোগে বাংলাদেশ ফুটবল কোচেস ফোরাম তার পাশে এসে দাড়িয়েছে।

রবিবার যশোরে ওয়াজেদ গাজীর বাসায় গিয়ে কোচদের প্রতিনিধি হিসেবে মারুফুল হক ও জাকারিয়া বাবু তার হাতে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন। তার শারীরিক অবস্থারও খোঁজ-খবর নেন তারা।

কয়েক দিন আগে হাঁটতে গিয়ে পড়ে যান ওয়াজেদ, ভেঙে যায় তার বাম হাত। কপালও ফেটেছিল বেশ।

ওয়াজেদকে দেখে এসে কোচ মারুফুল জানিয়েছেন, “চার দিন আগে তিনি হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন। লাঠি ছাড়া হাটতে গিয়েই তিনি পড়ে যান। আসলে তিনি আমাদের বলছিলেন, ‘আমি গাজী। লাঠি দিয়ে কেন হাঁটবো?’ আসলে বিবেকের তাড়নায় আমরা তার পাশে এসে দাড়িয়েছি। আমি উদ্যোগ নিয়ে সবাইকে এক করেছি।’’

ঢাকার ফুটবলে প্রায় তিন বছর আগে ওয়াজেদ উপদেষ্টা কোচ হিসেবে আরামবাগ ক্রীড়া সংঘের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, বিজেএমসিরও কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে।