ম্যানইউকে হারিয়ে শিরোপা জেতা হবে ঐতিহাসিক: ডি ব্রুইন

ম্যানইউয়ের বিপক্ষে এই উদযাপন করতে চান ডি ব্রুইনএভারটনের বিপক্ষে ৩-১ গোলে জেতায় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা থেকে একটি জয় দূরে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে তারা পেয়ে যেতে পারে চ্যাম্পিয়নের মর্যাদা। শনিবারের ওই ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করতে চায় না ম্যানসিটি। এই ম্যাচ ঘিরে বেশ রোমাঞ্চ দলের তারকা কেভিন ডি ব্রুইনের মনে।

লিগ মৌসুমের ৭ ম্যাচ হাতে রেখে ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ম্যানইউকে মোকাবিলা করবে ম্যানসিটি। তিন পয়েন্ট পেলে নিশ্চিত হবে ইংল্যান্ডে পেপ গার্দিওলার প্রথম লিগ শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করতে আর দেরি সইছে না সিটিজেনদের। কিন্তু সেই আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে প্রতিপক্ষ ম্যানইউ বলে।

ডি ব্রুইন বলেছেন, ‘ইউনাইটেডের বিপক্ষে এটা (শিরোপা জয়) হলে বিশেষ কিছু হবে। খুব সুন্দর একটা ব্যাপার হবে। ইউনাইটেডের বিপক্ষে জেতা হবে ভক্তদের জন্য দারুণ। ভিন্ন কিছু হবে, দুই দলের ইতিহাস জানেন। এটা হবে ঐতিহাসিক।’

শিরোপার অপেক্ষা বাড়াতে চান না বেলজিয়ান তারকা, ‘যত তাড়াতাড়ি জেতা যায় ততই ভালো। তাহলে আমরা পরের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে পারবো।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগের মাঝে ম্যানইউকে মোকাবিলা করবে ম্যানসিটি। আগামী বুধবার লিভারপুলের বিপক্ষে প্রথম লেগ খেলবে তারা। চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ নিয়ন্ত্রণে না থাকলে দ্বিতীয় লেগের আগে ম্যানইউর বিপক্ষে বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিতে পারেন গার্দিওলা। গোল ডটকম