‘ম্যারাডোনার পর্যায়ে যেতে বিশ্বকাপ জিততে হবে মেসিকে’

বিলার্দোর সঙ্গে মেসিলিওনেল মেসিকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মানতে আপত্তি নেই আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস বিলার্দো। কিন্তু ডিয়েগো ম্যারাডোনার কাতারে বার্সেলোনা ফরোয়ার্ডকে রাখতে চান না তিনি। কেন? সেই ব্যাখ্যা দিলেন ব্রাজিলিয়ান এক সংবাদপত্রকে।

বিলার্দোর দাবি, ম্যারাডোনা ও পেলের সমতুল্য হতে চাইলে মেসিকে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। শেষ সুযোগ তিনি পাচ্ছেন রাশিয়াতে। বিলার্দোর চ্যালেঞ্জ এবার গ্রহণ করতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা এনে দেওয়া কোচের মতে, মেসির দুর্দান্ত ক্যারিয়ারে একমাত্র ‘কলঙ্ক’ বিশ্বকাপ না জেতা। সেরাদের কাতারে যেতে হলে এই অপূরণটা পূরণ করতেই হবে ৩০ বছর বয়সী ফরোয়ার্ডকে। ব্রাজিলিয়ান সংবাদপত্র ফোলহা দে সাও পাওলো’কে বিলার্দো বলেছেন, ‘মেসিকে সবসময় ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়। একই পর্যায়ে পৌঁছাতে হলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে হবে তাকে।’

রাশিয়াতে অপ্রাপ্তি ঘোচানোর সুযোগ মেসির আছে মনে করেন বিলার্দো, ‘তাদের ভালো সুযোগ আছে। মেসিকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে, কোনও রক্ষণাত্মক বাধ্যবাধকতা দেওয়া চলবে না। দল শক্তিশালী এবং ২০১৪ সালের চেয়ে ভালো অবস্থায়। গত বিশ্বকাপ আমরা জিততে পারতাম, জার্মানির চেয়ে ভালো ছিলাম আমরা।’

স্পেনের কাছে ৬-১ গোলের হারের প্রতিক্রিয়ায় বিশ্বকাপ জয়ী কোচের প্রতিক্রিয়া- ভাগ্যিস লড়াইটা ছিল প্রীতি ম্যাচে, টুর্নামেন্টে নয়। গোল ডটকম, মার্কা